RSS

দিল্লিতে ছাত্র নিগ্রহের নেপথ্যে পুলিশের পোশাকে ছিলেন বিজেপি-আরএসএস কর্মীরা! দাবি খোদ পুলিশের একাংশের।

 

জাতীয় রাজধানী দিল্লিতে নিট আন্দোলনকারী ছাত্র-যুবদের ওপর হওয়া নির্মম শারীরিক নির্যাতন ও দমনপীড়নের ঘটনায় সামনে এসেছে এক নজিরবিহীন ও বিস্ফোরক মোড়। আন্দোলন ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের পোশাকে আসলে ময়দানে মেনেছিল খোদ বিজেপি ও আরএসএস ক্যাডাররা! —এমনই চরম চাঞ্চল্যকর অভিযোগ তুলে গর্জে উঠেছেন খোদ দিল্লি পুলিশেরই কর্মীদের একাংশ। খাকি পোশাকের আড়ালে বহিরাগতদের ঢুকিয়ে আন্দোলন দমনের এই নোংরা চক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই এখন তোলপাড় পুরো দেশের রাজনীতি।
সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম আচরণ নিয়ে সারা দেশজুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়। এমনকি এই ইস্যুতে দিল্লি পুলিশকে চরম ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। নিরস্ত্র ছাত্রদের লক্ষ্য করে পেলেট গান চালানো, বৈদ্যুতিক লাঠিচার্জ এবং ছাত্রীদের অশালীনভাবে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ ওঠে। কার নির্দেশে খাকি পোশাক পরনে থাকা লোকেরা এতখানি অমানবিক হয়ে উঠল, বিরোধীদের সেই প্রশ্নের উত্তর এবার খোদ পুলিশের অন্দর থেকেই বেরিয়ে এল।
পুলিশ কর্মীদের একাংশের দাবি, যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর সত্যিকারের পুলিশ বাহিনী নয়, বরং গুন্ডামি চালিয়েছে বাহিনীর ছদ্মবেশে থাকা অন্তত ৫০ শতাংশ বিজেপি ও আরএসএস কর্মী। আন্দোলন দমন করতে এবং বিরোধীদের মুখ বন্ধ রাখতে এই বিশেষ রাজনৈতিক চক্রান্ত কষা হয়েছিল। অথচ সমস্ত বদনাম ও কলঙ্ক এসে পড়েছে সাধারণ পুলিশ কর্মীদের ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক একদল পুলিশকর্মী ক্ষোভ উগরে দিয়ে জানান, বর্তমান কেন্দ্রীয় সরকারের এখন এটিই চেনা ‘সিস্টেম’ হয়ে দাঁড়িয়েছে। যেকোনো স্বতঃস্ফূর্ত গণআন্দোলন বা বিরোধী স্বরকে স্তব্ধ করতে পুলিশ ও সুরক্ষাবাহিনীর পোশাক পরিয়ে নিজেদের লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কেবল দিল্লি বা নিট আন্দোলনই নয়, দেশের বিভিন্ন প্রান্তে এবং রাজ্যস্তরে বিক্ষোভ প্রশমিত করতে কিংবা অস্থিরতা তৈরি করতে এই ধরণের বিপজ্জনক কৌশল ব্যবহার করা হচ্ছে। এমনকি ভোটে জেতার তাগিদে এবং বিরোধী রাজ্যগুলোতে বিশৃঙ্খলা ছড়াতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পোশাকে রাজনৈতিক কর্মীদের ব্যবহারের যে অভিযোগ বিরোধীরা তুলছিলেন, খোদ পুলিশের অন্দরের এই সুর তাকে আরও বেশি জোরালো করল।
বাংলাতেও সম্প্রতি ছাত্র বিক্ষোভ ঘিরে সুপরিকল্পিতভাবে বহিরাগত ও বিশেষ রাজনৈতিক দলের কর্মীদের ঢুকিয়ে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ উঠেছে। তবে এবার রাজধানীর বুকে সরাসরি খাকি পোশাককে ঢাল বানিয়ে ক্যাডার নামানোর খবর প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে কেন্দ্র। এই বিষয়টি নিয়ে খোদ পুলিশের একাংশ যেভাবে নিজেদের ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন এবং এই বিষাক্ত সিস্টেম পরিবর্তনের দাবি তুলেছেন, তা জাতীয় রাজনীতিতে এক বিশাল বিতর্কের ঝড় তুলে দিল তা বলাবাহুল্য!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *