দেখতে দেখতে শেষ হয়ে গেল আরও একটা দুর্গাপুজো। মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের শব্দ আর উমাকে বিদায় জানানোর মুহূর্তে মনটা ভারাক্রান্ত বাঙালির। দশমীর বিষাদ কাটিয়ে আবারও শুরু হয়েছে আগামী বছরের পুজোর অপেক্ষা। কিন্তু জানেন কি, সেই অপেক্ষা এবার একটু কম হতে চলেছে? হ্যাঁ, ২০২৭ সালের দুর্গাপুজো আসছে তুলনামূলকভাবে তাড়াতাড়ি। আর আগামী বছরও পুজোর সূচিতে থাকছে বাড়তি দিনের আনন্দ! তাহলে চলুন, এক নজরে জেনে নেওয়া যাক ২০২৭ সালের দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটার সম্পূর্ণ দিনক্ষণ।
বাঙালির দুর্গাপুজোর সূচনা যেন মহালয়ার ভোর থেকেই। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী, চারদিকে শিউলি ফুলের গন্ধ আর দেবীপক্ষের আগমন সব মিলিয়ে বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই বিশেষ দিন। ২০২৭ সালে মহালয়া পড়েছে ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আগামী বছর ষষ্ঠী পড়েছে ৫ অক্টোবর, মঙ্গলবার। এই দিন থেকেই শুরু হবে বাঙালির বহু প্রতীক্ষিত দুর্গোৎসবের মূল পর্ব। এরপর আসছে সপ্তমী। ২০২৭ সালে সপ্তমী পড়েছে ৬ অক্টোবর, বুধবার। এবার আসা যাক অষ্টমীতে। অষ্টমী মানেই অঞ্জলি, নতুন পোশাক, অষ্টমীর ভোগ আর প্রিয়জনদের সঙ্গে পুজো কাটানোর আনন্দ।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছর অষ্টমী দু’দিন ধরে পালিত হওয়ার কথা। প্রথম অষ্টমী ৭ অক্টোবর, বৃহস্পতিবার, আর দ্বিতীয় অষ্টমী ৮ অক্টোবর, শুক্রবার। এরপর ৯ অক্টোবর, শনিবার, পালিত হবে মহানবমী। আর ১০ অক্টোবর, রবিবার, বিজয়া দশমী। দুর্গাপুজোর কয়েকদিন পরেই বাঙালির ঘরে আগমন ঘটে মা লক্ষ্মীর। পুর্ণিমা তিথিতে বাঙালি মেতে ওঠে কোজাগরী লক্ষ্মীপুজোয়। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে লক্ষ্মীপুজো পড়েছে ১৪ অক্টোবর। এরপরেই আসবে আলোর উৎসব। কালীপুজো পড়েছে ২৮ অক্টোবর। তার ঠিক তিনদিন পর ভাইফোঁটা। আর তা রয়েছে আগামী ৩১ অক্টোবর।