বারুইপুর, সামশেরগঞ্জ, গাইঘাটার পর এবার রায়গঞ্জ!বাংলা-বিহার সীমান্তে পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত !

শুরুটা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে, তারপর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং উত্তর ২৪ পরগনার গাইঘাটা— রাজনৈতিক পালাবদলের পর অপরাধীদের বিরুদ্ধে এবার উত্তর দিনাজপুরের মাটিতেও চলল পুলিশের গুলি! রায়গঞ্জে ১২ বছরের নাবালিকাকে নৃশংস ধর্ষণ ও খুনে অভিযুক্ত দিলীপ রায় অবশেষে পুলিশের গুলিতে খতম হলো। বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় গভীর রাতে পুলিশের জালে ধরা পড়ার মুখে পালানোর মরিয়া চেষ্টা চালিয়েছিল অভিযুক্ত। কিন্তু পুলিশের গাড়ির চাকা লক্ষ্য করে পরপর গুলি চালানোই কাল হলো তার; আত্মরক্ষায় পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই খতম হলো ওই অভিযুক্ত।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। রায়গঞ্জের কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দিলীপ রায় সম্পর্কে ওই ১২ বছরের নাবালিকার সম্পর্কে জেঠু হতো। কুলিক নদী দেখানোর অছিলায় নাবালিকাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় সে। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় মেয়েটি। পরিবারের হন্যে হয়ে খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার আব্দুলঘাটার সংরক্ষিত জঙ্গল থেকে নাবালিকার ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ ওঠে, নিজের নাবালিকা ভাইঝির ওপর পাশবিক শারীরিক নির্যাতন চালিয়ে নৃশংসভাবে খুন করে এলাকা ছেড়ে কার্যত উধাও হয়ে যায় দিলীপ। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে রাতদিন তল্লাশি চালাচ্ছিল জেলা পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তের আদি বাড়ি ঝাড়খণ্ডে এবং সীমান্ত পার করে সে বিহারের তারাপুরে গা-ঢাকা দেওয়ার পাকা ছক কষেছে। সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কালীপুজোর রাতে বাংলা-বিহার সীমান্তের গৌরি পঞ্চায়েতের পাড়ারপুকুর বাঁধ এলাকায় ফাঁদ পাতে রায়গঞ্জ থানার বিশেষ পুলিশ দল। রাত আনুমানিক ২টো নাগাদ ওই এলাকায় দিলীপকে ঘিরে ফেলা মাত্রই পকেট থেকে দেশি বন্দুক বের করে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। যাতে পুলিশের গাড়ি পিছু নিতে না পারে, গাড়ির টায়ার লক্ষ্য করেও পরপর গুলি চালায় অভিযুক্ত। ঠিক তখনই চরম আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ বাহিনী। পুলিশের গুলিতে বাঁধের ওপর লুটিয়ে পড়ে দিলীপ রায়। আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই এনকাউন্টারের সাথে সাথেই রাজনৈতিক মহলে জোর চর্চায় উঠে এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্য। মাত্র ১১ দিন আগে, গত ২৯ অক্টোবর রায়গঞ্জেরই প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে নারী সুরক্ষা ও অপরাধ দমন নিয়ে অত্যন্ত আগ্রাসী হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন— রাজ্যে মা-বোনদের সুরক্ষার স্বার্থে পুলিশকে সম্পূর্ণ ‘খোলা হাত’ দেওয়া হয়েছে। মঞ্চ থেকে কড়া ভাষায় তিনি বলেছিলেন, “কেউ যদি ধর্ষণ বা শ্লীলতাহানির মতো অপরাধ করে, তবে যা দরকার পুলিশ ঠিক সেটাই করবে। যারা মা-বোনদের অসম্মান করবে তাদের কী পরিণতি হয়, তা সবাই দেখতে পাচ্ছে। সামঝদার কো ইশারা হি কাফি হ্যায়!” সেই স্পষ্ট বার্তার মাত্র এগারো দিনের মাথায় খোদ রায়গঞ্জেই ঘটে গেল এই এনকাউন্টার।

গত ৮ জুলাই বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডল, ২৭ অক্টোবর সামশেরগঞ্জে সামাউল হক এবং ২৮ অক্টোবর গাইঘাটায় প্রহ্লাদ দাস— একের পর এক ঘটনা পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যুর পর এবার রায়গঞ্জের এই ঘটনা। বিরোধীরা এই এনকাউন্টার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুললেও, অপরাধ দমনে কড়া পদক্ষেপ ও নারী সুরক্ষায় জিরো টলারেন্স নীতি বজায় রাখতে প্রশাসন যে পিছু হটবে না, রায়গঞ্জের পাড়ারপুকুরের গুলির লড়াই সেই বার্তাই স্পষ্ট করে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *