সন্তান হারানোর যন্ত্রণা পৃথিবীর যেকোনো মায়ের কাছেই সবচেয়ে বড় পাহাড়প্রমাণ শোক। কিন্তু যখন সেই একমাত্র সন্তানই হয়ে ওঠে এক বিকৃত, পাশবিক অপরাধী— তখন মাতৃত্বের স্বাভাবিক স্নেহকেও গ্রাস করে নেয় সীমাহীন ঘৃণা আর সামাজিক লজ্জা! রায়গঞ্জে ১২ বছরের নাবালিকাকে পাশবিক নির্যাতন ও নৃশংস খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে মূল অভিযুক্ত দিলীপ রায়। রবিবার গভীর রাতে হাসপাতালে ছুটে গিয়ে একমাত্র ছেলের নিথর দেহ পড়ে থাকার খবর পেয়েছিলেন মা চানিয়া রায়। কিন্তু ছেলের এই পরিণতিতে কোনো হাহাকার নেই, নেই পুলিশের বিরুদ্ধে কোনো ক্ষোভ। বরং স্বজন হারানোর শোককে একপাশে সরিয়ে চরম ধিক্কার জানিয়ে মা স্পষ্ট ঘোষণা করে দিলেন— “অমন পাপী ছেলে বেঁচে না থাকাই ভালো। ওর মুখে আগুন দিতে শ্মশানেও যাব না আমি!”
রায়গঞ্জের কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা চানিয়া রায়ের বুকফাটা আর্তনাদে মিশে রয়েছে কেবলই লজ্জা আর ঘৃণা। ক্ষোভে-যন্ত্রণায় ফেটে পড়ে তিনি জানান— “দিলীপ আমার একমাত্র ছেলে ছিল। কিন্তু ছোট থেকেই ও বাড়িছাড়া। বৃদ্ধ বাবা আর আমার কোনোদিন কোনো দায়িত্ব নেয়নি। আমরা আধপেটা খেয়ে কষ্টেসৃষ্টে দিন কাটাই, অথচ ও কোনোদিন ফিরেও তাকায়নি। আর আজ এমন এক নারকীয় কুকর্ম ঘটিয়েছে যে গ্রামে আর কারও সামনে আমাদের মুখ দেখানোর অবস্থা নেই। ও পুলিশের গুলিতে শেষ হয়ে গিয়েছে, খুব ভালো হয়েছে। এমন ছেলের মরে যাওয়াই উচিত ছিল।”
গ্রামবাসীদের কথায়, দিলীপের এই পাশবিক চরিত্র নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘ ১৬ বছর আগেও ঠিক একইভাবে নিজের এক দূর সম্পর্কের আত্মীয়ের মাত্র ৬ বছরের এক শিশুকন্যার ওপর যৌন নির্যাতন চালিয়েছিল সে। সেই সময় গোটা গ্রামে ছিঃ ছিঃ পড়ে গিয়েছিল এবং ক্ষিপ্ত প্রতিবেশীরা দিলীপের বাড়িতে চড়াও হয়ে গণধোলাই দিয়েছিল। পরবর্তীতে সেই অপরাধ ধামাচাপা দিতে এবং শাস্তির খেসারত দিতে মায়ের শেষ সম্বল মাত্র ১ কাঠা জমি বিক্রি করে সেই টাকা নির্যাতিতার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু সেই জমি খোয়ানো আর সামাজিক অপমানের পরও যে দিলীপের চরিত্র বদলায়নি, ১৬ বছর পর প্রতিবেশী ১২ বছরের ভাইঝিকে নদীর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের ঘটনা তারই চরম প্রমাণ।
এদিকে এনকাউন্টারের পর থেকে অভিযুক্তের গোটা গ্রাম থমথমে। পুলিশি টহল চলছে এলাকায়, ভয়ে এবং লজ্জায় অনেকে ঘরের বাইরে পা রাখছেন না। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে আত্মীয়-স্বজন— প্রত্যেকেই একসুরে বলছেন, এমন ক্ষমার অযোগ্য অপরাধের পর এই এনকাউন্টারই ছিল তার উপযুক্ত পাওনা।
উল্লেখ্য, গত মঙ্গলবার কুলিক নদী দেখাতে নিয়ে যাওয়ার অছিলায় পাশের বাড়ির ১২ বছরের নাবালিকাকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল অভিযুক্ত জেঠু দিলীপ রায়। এরপর বৃহস্পতিবার আব্দুলঘাটার সংরক্ষিত জঙ্গল থেকে নাবালিকার ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছিল অভিযুক্ত। রবিবার রাত দুটো নাগাদ বাংলা-বিহার সীমান্তের গৌরি পঞ্চায়েতের পাড়ারপুকুর বাঁধ ধরে বিহারের তারাপুরে পালানোর সময় পুলিশ তাকে ঘিরে ফেলে। পুলিশের গাড়ি লক্ষ্য করে দিলীপ এলোপাথাড়ি গুলি চালালে, আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই খতম হয় সে।
একদিকে অপরাধীর প্রতি সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের উপশম, অন্যদিকে খোদ জন্মদাত্রী মায়ের এই চরম প্রত্যাখ্যান— রায়গঞ্জের এনকাউন্টার শুধু এক বিকৃত অপরাধীর শেষ পরিণতিই ঘটিাল না, বরং স্পষ্ট বার্তা দিল যে, মা-বোনেদের ওপর হওয়া পাশবিক অত্যাচারের পাশে দাঁড়ানোর মতো জায়গা স্বয়ং নিজের পরিবারেও মেলে না!