দিঘার মঞ্চ থেকে একের পর এক কড়া বার্তা! কখনও প্রাক্তন সরকারের বিরুদ্ধে তোপ, কখনও অপরাধীদের উদ্দেশে হুঁশিয়ারি, আবার কখনও এনকাউন্টার নিয়ে বিস্ফোরক মন্তব্য! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে উঠে এল পুলিশি অভিযান থেকে শুরু করে মাদক চক্র, ধর্ষণ, অনুপ্রবেশ এবং তোলাবাজির প্রসঙ্গ। সাফ জানিয়ে দিলেন, পুলিশ কিন্তু সব অপরাধীকে গুলি করে না! তবে কোন কোন অপরাধের ক্ষেত্রে পুলিশকে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা করতে হবে না? ঠিক কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
ওল্ড দিঘা ব্যবসায়ী সমিতির পুজোমণ্ডপের মঞ্চ থেকে এদিন বিগত সরকারের আমলের পুজো সংক্রান্ত পরিস্থিতি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগে সনাতন ধর্মাবলম্বীদের পুজো করতে গেলেও আদালতের দ্বারস্থ হতে হত। আর এখন পুজোর অনুমতি ও সরকারি সাহায্যপ্রাপ্ত পুজোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজারে। শ্রাবণী মেলা থেকে কৌশিকী অমাবস্যা, সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন বিভিন্ন উৎসবের আয়োজনের কথাও তুলে ধরেন তিনি।
তবে উৎসবের বার্তার মধ্যেই সবচেয়ে বেশি চর্চায় উঠে আসে আইনশৃঙ্খলা ও এনকাউন্টার প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, মাদক মাফিয়া, ধর্ষণকারী এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলায় কোনও জায়গা হবে না। তাঁর দাবি, গত সাত দিনে পুলিশের অভিযানে একাধিক মাদক চক্রের পর্দাফাঁস হয়েছে। মানবপাচার, ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে পুলিশকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা করতে হবে না বলেও জানান তিনি। একই সঙ্গে বলেন, পুলিশ কিন্তু সব অপরাধীকে গুলি করে না। আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন—কোন পরিস্থিতিতে পুলিশকে এমন পদক্ষেপের কথা বলছেন মুখ্যমন্ত্রী?
শুধু অপরাধ দমন নয়, বিরোধীদের উদ্দেশেও আক্রমণাত্মক সুর শোনা যায় তাঁর বক্তব্যে। ‘দিমাগী নকশাল’, ‘জামাতি’, ‘জঙ্গি’, ‘জিহাদি’ থেকে শুরু করে আরও নানা শব্দে রাজনৈতিক বিরোধীদের নিশানা করেন তিনি। অন্যদিকে, রাজ্যে শিল্প ও কর্মসংস্থান বাড়ানোর আশ্বাসও দেন। আদানি আরোগ্য মন্দির, রিলায়েন্সের ক্যাম্পাকোলা ইউনিট এবং জিন্দাল গোষ্ঠীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি, ২০২৭ সালের ৮ মে-র মধ্যে পুলিশ, শিক্ষক ও সরকারি কর্মী মিলিয়ে এক লক্ষ স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দেন।
দিঘাকে ঘিরেও রয়েছে বড় পরিকল্পনা। শুধু দিঘা নয়, উদয়পুর থেকে শুরু করে প্রায় ২৭ কিলোমিটার সমুদ্রসৈকতকে নতুন করে সাজিয়ে তোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাজপুর, গোপালপুর, মাঝিলাপুর, পেটুয়া-সহ একাধিক এলাকায় নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য, কম খরচে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের পর্যটনের সুযোগ বাড়ানো।
দিঘার ব্যবসা ও জমি কেনাবেচা নিয়ে যে হুঁশিয়ারি দিলেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জমি দখল, কাটমানি, সিন্ডিকেট রাজ কিংবা বেআইনি হাতবদল কোনও কিছুই বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন তিনি। এমনকী দলের কোনও নেতা বা কর্মী এই ধরনের কাজে যুক্ত থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেন। অর্থাৎ দিঘার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা একটাই উৎসব, উন্নয়ন ও পর্যটনের পাশাপাশি অপরাধ এবং তোলাবাজির বিরুদ্ধে এবার আরও কড়া অবস্থান।