কেন্দ্রীয় সরকার NRC নিয়ে বেশ তৎপর। যদিও তাদের এই নয়া আইনে অনেকেই বিরোধিতা করেছেন। কিন্তু সে সবকে পাত্তা না দিয়ে এবার অবৈধভাবে ভারত থাকা বিদেশিদের জন্য আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন সেন্টার স্থাপন করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশকারী অথবা বসবাসকারীদের নিজের দেশে পাঠানোর আগে ওই ডিটেনশন সেন্টারে রাখা হবে এবং সেখানে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি কোন রাজ্যে এই ক্যাম্প তৈরি হবে তাও এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অমিত শাহ।
জারি হওয়া ওই নোটিশে জানানো হয়েছে, যদি কাউকে দেখে সন্দেহজনক মনে হয় তাহলে তাকে এই ডিভিশন সেন্টারে নিয়ে যাওয়া যাবে। আর এই দায়িত্ব পালন করবে ফরেনার্স ট্রাইব্যুনাল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই আইনের মাধ্যমে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন বা জেলা কালেক্টর বা জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো ব্যক্তিকে জানতে চাইতে পারে যে তিনি বিদেশি কিনা। যদি কেউ এর উত্তরে সঠিক প্রমাণ দিতে ব্যর্থ হন যে তিনি বিদেশি নন, তাহলে তাকে বিনা বাক্য ব্যয়ে ডিটেনশন সেন্টারে রাখা হবে।” এর ফলে তিনি বিনা অনুমতিতে কোথাও যেতে পারবেন না।
এখানেই শেষ নয়, ভারতের কোনও পর্বতশৃঙ্গে ওঠার জন্যও বিদেশিদের কেন্দ্রের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি, কোনও গুরুতর অভিযোগে দোষীসাব্যস্ত হওয়া বিদেশিদেরও ভারতে প্রবেশ কিংবা এখানে থাকার অনুমতি না দেওয়া হতে পারেও বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে গত কয়েক মাস ধরেই রাজ্যে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ধরতে উঠে-পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। অসমের মুখ্যমন্ত্রীও ইতিমধ্যেই অনেককে তাদের রাজ্য থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। আর এবার গোটা দেশ থেকে এই অনুপ্রবেশকারীদের বিদায় করার কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র সরকার।