২৩ নভেম্বরই কি মোদী মন্ত্রিসভায় বড় রদবদল?বাংলা থেকে মন্ত্রী হওয়ার দৌড়ে উঠে আসছে এই সাংসদর নাম!

দীর্ঘ প্রায় ছ’মাসের জল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৩ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবে দিল্লির রাজনৈতিক অলিন্দে জোর চর্চা শুরু হয়েছে। কয়েক মাস আগেই তৃতীয় মেয়াদের দু’বছর পূর্ণ করেছে মোদী সরকার এবং অতীতের রীতি অনুযায়ী দু’বছর পূর্ণ হওয়ার পরই মন্ত্রিসভায় বদল আনেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ইতিমধ্যেই তাঁর নতুন সাংগঠনিক টিম গড়ে ফেলেছেন। তাই এবার সরকারের পালা বলেই মনে করা হচ্ছে এবং এই নতুন টিম নিয়েই ২০২৯ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চাইছেন প্রধানমন্ত্রী।

সূত্রের দাবি, সরকারের বিরুদ্ধে জমে থাকা প্রতিষ্ঠান বিরোধিতা কাটাতে এবং তরুণ প্রজন্মের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াতে এবার তারুণ্যের ওপর বিশেষ জোর দিতে চাইছেন নরেন্দ্র মোদী। চলতি মাসের শেষের দিকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে এবং তার আগেই নতুন মন্ত্রিসভা গঠনের কাজ সেরে ফেলা হতে পারে। শোনা যাচ্ছে, অন্তত ৭ থেকে ৮ জন সাংসদ নতুন করে মন্ত্রী হতে পারেন এবং অন্যদিকে বর্তমান মন্ত্রিসভার একাধিক সদস্যের ওপর ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে, যার মধ্যে শীর্ষস্তরের কিছু নেতাও রয়েছেন।

সম্ভাব্য নতুন মন্ত্রীদের তালিকায় বেশ কিছু পরিচিত ও তরুণ মুখের নাম উঠে আসছে। পশ্চিমবঙ্গ থেকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র মন্ত্রী হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এছাড়াও অভিনেতা-সাংসদ অরুণ গোভিল, তেজস্বী সূর্য, অনুরাগ ঠাকুর এবং বাঁশুরি স্বরাজের মতো নেতাদের নাম নিয়েও আলোচনা চলছে। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের সমীকরণ মাথায় রেখে গোরক্ষপুরের সাংসদ রবি কিষাণ এবং মনোজ তিওয়ারিকেও মন্ত্রিসভায় আনা হতে পারে বলে জল্পনা। পাশাপাশি শিব সেনার বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধি এবং পাঞ্জাবের রাঘব চাড্ডার নামও আলোচনায় রয়েছে, যদিও কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়।

অন্যদিকে, রাজনৈতিক সমীকরণের দিক থেকেও এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করাতে সরকার একটি বিশেষ অধিবেশন ডাকতে পারে। এর জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিল পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ অর্থাৎ অন্তত ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন, যেখানে এনডিএ-র হাতে বর্তমানে ৩১৭ জন সাংসদ রয়েছেন। এই সমর্থন জোগাড় করতে এনসিপির মতো দল এনডিএ শিবিরে নাম লেখাতে পারে এবং সে ক্ষেত্রে তাঁদের প্রতিনিধি হিসেবে সুপ্রিয়া সুলেকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে— যদিও শারদ পাওয়ার কন্যা সম্প্রতি এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত ২৩ নভেম্বর মন্ত্রিসভায় কারা জায়গা পান এবং কারা বাদ পড়েন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে জাতীয় রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *