এই তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে কী বললেন বিজেপি নেত্রী নজিয়া ইলাহি খান?

রাজ্য রাজনীতিতে ফের একাধিক ইস্যুতে চর্চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ও পুলিশি জিজ্ঞাসাবাদ, অন্যদিকে বাংলার বাড়ি আবাসন প্রকল্পের টাকা নিয়ে বিতর্ক। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই তিনটি ইস্যুতে কী বলছেন বিজেপি নেত্রী নজিয়া ইলাহি খান? তাঁর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁকে গিরিশ পার্ক থানায় হাজিরার নোটিসও দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, গত ৩১ অক্টোবর পুলিশের উদ্দেশে অভিষেকের করা কিছু মন্তব্য হুমকিমূলক ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। বিজেপি নেত্রী নজিয়া ইলাহি খান এই প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, তাঁর রাজনৈতিক অবস্থান এবং পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। মেদিনীপুরের এক মহিলা আইপিএস অফিসারকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ও পুলিশ প্রশাসনকে প্রকাশ্য হুমকির তীব্র সমালোচনা করেছেন তিনি। তিনি প্রশ্ন তুলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পুলিশকে মারতে চাইছেন বা কোনো ফাঁদে ফেলতে চাইছেন কিনা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কড়া মন্তব্য করেছেন।

রাজ্য সরকারের এই আবাসন প্রকল্পের টাকা কাদের দেওয়া হচ্ছে, উপভোক্তাদের তালিকা কতটা স্বচ্ছ এবং সরকারি অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে কি না—এই প্রশ্নগুলি ঘিরেই বিতর্ক। অভিযোগ উঠেছে, প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় অনিয়ম থাকতে পারে। ফলে উপভোক্তাদের যোগ্যতা এবং সরকারি বরাদ্দের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্য সরকারের কাছে প্রকল্পের উপভোক্তা নির্বাচন, অর্থ বরাদ্দ এবং টাকা পৌঁছনোর হিসাব নিয়ে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি উঠছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের দাবি, তাঁর ফোনে নজরদারি চালানো হচ্ছে। নিজের ফোন দেখিয়েও তিনি এই অভিযোগের প্রসঙ্গ সামনে আনেন। এই অভিযোগ ঘিরে কেন্দ্রীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, দেশের বিরোধী নেতাদের ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তা কতটা সুরক্ষিত?অন্যদিকে, ফোনে আড়ি পাতার অভিযোগের ক্ষেত্রে প্রযুক্তিগত প্রমাণ এবং নিরপেক্ষ তদন্তের গুরুত্বও সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *