ভারতের ভোটার তালিকা নিয়ে হঠাৎ এত উদ্বেগ কেন ওপার বাংলার এই সংগঠনের? সামনে এল একাধিক অভিযোগ!

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে এবার সরব বাংলাদেশের জামায়াতে ইসলামির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। ভারতের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছে সংগঠনটি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়া, মুসলিম ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ এবং নাগরিকত্ব সংক্রান্ত বিষয় নিয়েও একাধিক দাবি তুলেছে তারা। ভারতের অভ্যন্তরীণ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের একটি সংগঠনের এমন বিবৃতি ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহর নামে জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছে, ভারতের ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সংগঠনটির বক্তব্য, এই সংশোধন প্রক্রিয়ায় মুসলিম ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠছে। এর ফলে গণতান্ত্রিক অধিকার, সাম্য এবং সাংবিধানিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলে দাবি করেছে তারা। তবে বিবৃতিতে উত্থাপিত এই পরিসংখ্যান ও অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা তথ্য সামনে আসেনি।

পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়া নিয়েও বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাদের দাবি, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের পর প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। বাদ যাওয়া নামের মধ্যে প্রায় ৭০ শতাংশ মুসলিম বলে দাবি করেছে তারা। বৈধ পরিচয়পত্র এবং পারিবারিক নথি থাকা সত্ত্বেও বহু বাংলাভাষী মুসলিমের নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি, কয়েকজনকে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে আটক করে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও তুলেছে সংগঠনটি। যদিও এই দাবিগুলির সত্যতা যাচাই করা জরুরি।

বিবৃতিতে ভারতের সংবিধানের ১৪ ও ১৫ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের বক্তব্য, আইনের চোখে সমানাধিকার এবং ধর্মের ভিত্তিতে বৈষম্যহীনতার নীতি বজায় রাখা প্রয়োজন। জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১(৩) ও ২২ নম্বর ধারা এবং নির্বাচক তালিকা নিবন্ধন বিধি, ১৯৬০-এর ২১এ ধারার কথাও তুলে ধরেছে তারা। সংগঠনটির দাবি, যথাযথ যাচাই এবং আইনি প্রক্রিয়া ছাড়া কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া উচিত নয়।

এখানেই শেষ নয়। নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA, জাতীয় নাগরিকপঞ্জি বা NRC, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, অভিন্ন দেওয়ানি বিধি বা UCC এবং ওয়াকফ সংশোধনী আইন নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি। মসজিদ ও মুসলিমদের বাড়িঘর ভাঙা এবং ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার অভিযোগও বিবৃতিতে তোলা হয়েছে।

ভারত সরকারের কাছে তাদের দাবি, যোগ্য ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। বেআইনি আটক এবং জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগেরও আইনি নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রসংঘ, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন বা OIC এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির হস্তক্ষেপ চেয়েছে তারা।

তবে এই বিবৃতিতে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে কী অবস্থান নেওয়া হয়েছে, সেই প্রশ্নও সামনে আসছে। ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের একটি সংগঠনের এমন সরব অবস্থান ঘিরে এখন রাজনৈতিক বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *