দিল্লীর দরবারে শমীকের নাম নিয়ে তোলপাড় বাংলা ! মোদীর মন্ত্রী সভায় এবার দেখা মিলতে পারে শমীক ভট্টাচার্যের !

রাজনৈতিক সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বৈঠকের পর থেকেই দিল্লির রাজনৈতিক অলিন্দে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের জল্পনা তুঙ্গে উঠেছে। আগামী সপ্তাহেই, বিশেষ করে ২৩ নভেম্বর মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ হতে পারে বলে দাবি করছে রাজনৈতিক মহলের একাংশ। আর এই সম্ভাব্য রদবদলে পশ্চিমবঙ্গ থেকে বড় দায়িত্ব পেতে পারেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য— এমনই আলোচনায় এখন সরগরম বঙ্গ রাজনীতি। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সরকারি নিশ্চয়তা সামনে আসেনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, পশ্চিমবঙ্গ বিজেপির বর্তমান সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সামলানোর দক্ষতা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁকে বিশেষ গুরুত্ব এনে দিয়েছে। তবে এই জল্পনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেও আপাতত তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে নাও সরানো হতে পারে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ, একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতির মতো দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলাবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে বিজেপির নিজস্ব ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির সঙ্গে এই সম্ভাব্য সিদ্ধান্তের সামঞ্জস্য কীভাবে বজায় রাখা হবে, তা এখনও স্পষ্ট নয়।

রাজনৈতিক মহলের আলোচনায় আরও একটি বিষয় গুরুত্ব পাচ্ছে। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে, বিশেষ করে ৪ মে-র পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও বিনিয়োগ টানার ক্ষেত্রে শমীক ভট্টাচার্যকে বেশ সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে বলে দলের অন্দরেই চর্চা রয়েছে। আগ্রহী শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার একান্ত বৈঠক এবং সাম্প্রতিককালে বিভিন্ন বিদেশি দূতাবাসের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক কাজকে অনেকটা সহজ করে দিয়েছে বলে দাবি করছেন বিজেপি নেতাদের একাংশ। তাই রাজ্যে বিনিয়োগের পরিবেশ মসৃণ করতে এবং কেন্দ্র-রাজ্য সমন্বয় আরও বাড়াতে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হতে পারে বলেই মনে করছেন অনেকে।

অন্যদিকে, শমীক ভট্টাচার্যকে যদি সত্যিই কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়, তবে পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন, তাঁদের কারও দফতরে বা দায়িত্বে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। এর পাশাপাশি আগামী বছরের পুর নির্বাচনকে সামনে রেখে বাংলার সংগঠনের দায়িত্ব আরও গুরুত্ব দিয়ে বণ্টন করার পরিকল্পনা থাকতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের।

কারণ রাজ্যে নতুন সরকার গঠনের পরেও আসন্ন পুর নির্বাচন বিজেপির কাছে একটি বড় পরীক্ষা হতে চলেছে। বিরোধীদের মোকাবিলার পাশাপাশি দলের অভ্যন্তরীণ সমন্বয়, স্থানীয় স্তরের নেতৃত্বের বোঝাপড়া এবং পুরনো ও নতুন কর্মীদের একসাথে নিয়ে চলাটা এখন বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে বাংলার সংগঠনের দেখভালের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব কোনো নির্দিষ্ট কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিতে পারেন বলেও জল্পনা শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত ২৩ নভেম্বর মন্ত্রিসভার সম্প্রসারণ হয় কি না এবং শমীক ভট্টাচার্য আদৌ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন কি না, তা জানতে এখনও সরকারি ঘোষণার অপেক্ষাতেই থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *