কর্পোরেট কর কমেছে, আয়করে মিলেছে বড়সড় ছাড়। কিন্তু সেই সুবিধার প্রতিফলন কোথায়? সরকারের তরফে ব্যবসায়িক সংস্থাগুলিকে করের ক্ষেত্রে স্বস্তি দেওয়ার পরেও কর্মীদের বেতন কতটা বেড়েছে, নতুন কর্মসংস্থানই বা কতটা তৈরি হয়েছে? এবার শিল্পপতিদের সামনেই সরাসরি এই প্রশ্ন তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে শিল্পমহলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফিকির অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন তিনি। কর ছাড়ের প্রসঙ্গ তুলে মোদী জানান, ২০২৪ সালে কর্পোরেট করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত আয়করের ক্ষেত্রেও ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে।
এরপরই শিল্পপতিদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকার যখন করের ক্ষেত্রে এতটা স্বস্তি দিয়েছে, তখন সংস্থাগুলি কি কর্মীদের বেতন বাড়িয়েছে? কর্মীর সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে? অর্থাৎ কর ছাড়ের সুবিধা শুধু সংস্থার লাভের অঙ্কেই সীমাবদ্ধ থাকছে, নাকি তার সুফল কর্মসংস্থান ও কর্মীদের আয় বৃদ্ধির মাধ্যমেও সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে, সেই বিষয়েই প্রশ্ন তোলেন তিনি।
এখানেই থেমে থাকেননি মোদী। শিল্পমহলের একাংশের মনোভাব নিয়ে কটাক্ষের সুরে তিনি বলেন, সরকারের কাছে কর ছাড় চাওয়ার সময় ব্যবসায়ীরা সক্রিয় থাকেন, কিন্তু সেই সুবিধার বিনিময়ে কর্মীদের জন্য কী পদক্ষেপ করা হচ্ছে, তার হিসাবও থাকা প্রয়োজন। তাঁর বক্তব্যের মূল সুর, সরকার নিজের দায়িত্ব পালন করছে, এবার দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শিল্পপতিদেরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিল্পমহলের কর ছাড়ের সমস্ত দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। তাই শুধু সরকারের কাছ থেকে সুবিধা চেয়ে বসে থাকলে চলবে না। দেশের অর্থনৈতিক বৃদ্ধির জন্য সংস্থাগুলিকে নিজেদের দায়িত্বও বুঝতে হবে। বিশেষ করে কর্মসংস্থান তৈরি, কর্মীদের বেতন বৃদ্ধি এবং উৎপাদন ক্ষমতা বাড়ানোর মতো বিষয়গুলিতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
এর পাশাপাশি ভারতীয় শিল্প সংস্থাগুলিকে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ১৪০ কোটি মানুষের বিশাল অভ্যন্তরীণ বাজারের উপর নির্ভর করে থাকলেই চলবে না। বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা পূরণ করার মতো উৎপাদন ক্ষমতা এবং প্রতিযোগিতার মান তৈরি করতে হবে ভারতীয় সংস্থাগুলিকে।
এক্ষেত্রে নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার উপরেও বিশেষ জোর দিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মতো বড় অর্থনীতির সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ তুলে মোদী জানান, এই চুক্তিগুলি ভারতীয় সংস্থাগুলির সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। L
সবশেষে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও দেশের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখার বার্তা দেন প্রধানমন্ত্রী। এখন দেখার, প্রধানমন্ত্রীর এই প্রশ্নের পর কর্মসংস্থান ও কর্মীদের বেতন বৃদ্ধিতে ভারতীয় সংস্থাগুলি কতটা বাস্তব পদক্ষেপ করে।