ঘটনাটি মুম্বইয়ের কুরলা পশ্চিমের। ফিনিক্স মলের পিছনে অবস্থিত প্রমোদ মহাজন পার্কে এই ঘটনা ঘটে। জানা যায়, ১৯ নভেম্বর ওই পার্কে ছবি তুলছিলেন এক তরুণ ও তরুণী। অভিযোগ, সেই সময় পার্কে উপস্থিত ৮ থেকে ১০ জন যুবক তাঁদের উদ্দেশে অশ্লীল মন্তব্য করতে শুরু করে। প্রথমে বিষয়টি উপেক্ষা করলেও, শেষ পর্যন্ত প্রতিবাদ জানান ওই যুগল। আর তারপরেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, প্রতিবাদ করার পরই ওই তরুণ-তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা। তাঁদের লাঠি দিয়ে মারধর করা হয়। শুধু তাই নয়, তরুণকে লাথি ও ঘুষিও মারা হয় বলে অভিযোগ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একদল কিশোর লাঠি হাতে যুগলকে আক্রমণ করছে। এমনকি তাঁদের পিছনে ধাওয়া করতেও দেখা যাচ্ছে অভিযুক্তদের। স্থানীয় বাসিন্দাদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনার কিছু মুহূর্ত। আর সেই ভিডিও সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটমাধ্যমে। ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। আক্রান্ত যুগলের সঙ্গে যোগাযোগ করে তাঁদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।
ডিসিপি গণেশ শিন্দে জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জন নাবালককে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হবে। পাশাপাশি অভিযুক্তদের অভিভাবকদেরও নোটিস পাঠানো হয়েছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা বা BNS-এর একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তবে এই ঘটনার পর সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম অভিযুক্তদের ‘জেহাদি’ বলে দাবি করেছেন। অন্যদিকে বিজেপির প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়াও এই ঘটনাকে ধর্মীয় রং দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে মরাঠি ভাষায় তিনি দাবি করেন, ফিনিক্স মলের কাছে মুসলিম উগ্রপন্থীদের হাতে আক্রান্ত হয়েছেন এক হিন্দু যুগল।
এফআইআর দায়ের এবং অভিযুক্তদের অভিভাবকদের নোটিস পাঠানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি। তবে এই সমস্ত রাজনৈতিক দাবি এবং পুলিশের তদন্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এখনও পর্যন্ত পুলিশের তরফে নিশ্চিত করা হয়নি যে, এই হামলার পিছনে কোনও ধর্মীয় কারণ রয়েছে কি না। অন্যদিকে শিবসেনা (ইউবিটি) নেতা ইনতেখাব ফারুকিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এদিকে শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠেছে পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। প্রশ্ন উঠছে, শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত পার্কে যদি নিরাপত্তার এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ?
এই ঘটনার প্রতিবাদে পার্কে পৌঁছে যান বজরং দলের কর্মীরাও। পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের তীব্র সমালোচনা করেন তাঁরা। পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারলে পার্কের দরজা খোলা রাখার প্রয়োজন কী, সেই প্রশ্নও তোলেন। পাশাপাশি তাঁদের হুঁশিয়ারি, আগামী দিনে বৃহন্মুম্বই পুরনিগম বা BMC-র এই পার্কে নিরাপত্তার সমস্যা সমাধান না হলে তাঁরা নিজেরাই ব্যবস্থা নেবেন। সব মিলিয়ে, মুম্বইয়ের এই ঘটনা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনে দিয়েছে।