মোদী বাহিনী আপনার মাথার উপর ছাদ তৈরি করে দিতে নিচ্ছে বিরাট উদ্যোগ !

শহরের বুকে নিজের একটা পাকা বাড়ির স্বপ্ন দেখেন বহু সাধারণ মানুষ। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবার আরও এক বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০’ প্রকল্পের অধীনে নতুন করে এক লক্ষ পঁচাত্তর হাজার বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় অনুমোদন ও পর্যবেক্ষণ কমিটির একাদশ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। এর ফলে দেশের এক লক্ষেরও বেশি শহুরে পরিবারের মাথার ওপর পাকা ছাদ তৈরির পথ প্রশস্ত হলো।

জানা গিয়েছে, নগর উন্নয়ন বিভাগের সচিব সত্যেন্দ্র সিংয়ের সভাপতিত্বে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে এক লক্ষ পঁচাত্তর হাজার বাড়ি সরাসরি অনুমোদনের পাশাপাশি, অতিরিক্ত আরও এক লক্ষ পঞ্চাশ হাজার বাড়ির জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির কাজ যাতে কোনোভাবেই থমকে না যায় এবং সঠিক মানুষই যাতে এর সুবিধা পান, তার জন্য বৈঠকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন সচিব। তিনি স্পষ্ট জানিয়েছেন, অনুমোদিত তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ব্যয় যথাযথভাবে পরিচালনা করতে হবে। শুধু তাই নয়, সুবিধাভোগী ও সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে যাতে সময়মতো টাকা পৌঁছে যায়, নজরদারি যাতে আরও জোরদার করা হয় এবং উপভোক্তা পরিবারগুলির জিও-ট্যাগিং সঠিকভাবে সম্পন্ন হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্ত মুলতুবি থাকা আবেদনের যাচাই-বাছাই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এবার আসা যাক, কেন্দ্রের এই নতুন অনুমোদনে কোন কোন রাজ্য সবচেয়ে বেশি উপকৃত হতে চলেছে। সরকারি তথ্য অনুযায়ী, সুবিধাভোগী-নেতৃত্বাধীন নির্মাণ এবং অংশীদারিত্বের ভিত্তিতে সাশ্রয়ী আবাসন খাতে অনুমোদিত এক লক্ষ পঁচাত্তর হাজার বাড়ির মধ্যে এক লক্ষেরও বেশি বাড়ি তৈরি হবে উত্তর প্রদেশে। এর পাশাপাশি মহারাষ্ট্রে উনিশ হাজার এবং তামিলনাড়ুতে চোদ্দো হাজার বাড়ি অনুমোদন করা হয়েছে। অন্যদিকে, প্রকল্পের সমস্ত নির্দেশিকা ও প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করার সাপেক্ষে অন্ধ্র প্রদেশে এক লক্ষ সাতাশ হাজারেরও বেশি এবং মহারাষ্ট্রে বাইশ হাজারেরও বেশি বাড়ির জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই নতুন সংযোজনের ফলে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০’-এর অধীনে মোট অনুমোদিত বাড়ির সংখ্যা ইতিমধ্যেই চব্বিশ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শহুরে এলাকার যোগ্য পরিবারগুলি, বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষ যাতে সহজেই পাকা বাড়ির মালিক হতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল। এর মূল লক্ষ্য হলো বিভিন্ন খাতের মাধ্যমে দেশের অতিরিক্ত এক কোটি অর্থনৈতিকভাবে দুর্বল, নিম্ন-আয়ের এবং মধ্যম-আয়ের পরিবারকে পাকা বাড়ি তৈরি বা কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা। সব মিলিয়ে, কেন্দ্রীয় সরকারের এই নয়া অনুমোদন ও কড়া নজরদারির বার্তা শহুরে আবাসন প্রকল্পে যে এক নতুন গতি আনবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *