“ভারতকে আর থামানো যাবে না” আত্মনির্ভর নিয়ে হুঙ্কার মোদীর

বিশ্ব দরবারে ভারতের স্থান এখন যথেষ্ট উন্নতশীল। সেই সাথে প্রতি মুহূর্তে বিশ্বের সামনে নয়া রেকর্ড গড়ছে ভারত। আর এমন আবহেই NDTV-র ওয়ার্ল্ড সামিটের ভাষণে দেশ সম্পর্কে বেশ কিছু অজানা কথা সকলের সামনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের পথে আজও অনেক ধরণের বাধা রয়েছে। কিন্তু ভারত ভয়ে পিছিয়ে যায়নি, বরং লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেছে। তেমনই এখন আর জঙ্গি হামলার পর ভারত চুপ করে বসে থাকে না, বরং অপারেশন সিঁদুরের মতো জবাব দিয়ে থাকে।

এরপর তিনি বলেন, করোনার সময় দেশ ও বিশ্ববাসীর মনে ভারতকে নিয়ে অনেক প্রশ্ন জেগেছিল। তবে, সে সব প্রশ্নের উত্তর ভারত ভ্যাকসিন তৈরি করে দিয়ে দিয়েছে। পাশাপাশি তিনি আগের সরকারগুলিকে নিশানা করে বলেন, গত ১১ বছরে ভারত ক্রমাগত উন্নতি করেছে। সেই সঙ্গে ২০১৪ সালের আগে ভারতে মহিলাদের নিরাপত্তা-সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলে জানান, আজ সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। নমো এদিনের ভাষণে গর্বের সাথে জানান যে, ভারতের UPI এখন সারা বিশ্বে রাজত্ব করছে।

মোদীর দাবি, ভারত এখন আত্মনির্ভরতায় পরিপূর্ণ এবং বর্তমানে বিশ্বের পাঁচটি বৃহত্তম অর্থনীতির মধ্যে একটি হয়ে উঠেছে ভারত। প্রধানমন্ত্রীর মতে, আজ গোটা বিশ্ব ভারতকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল একজন সঙ্গী হিসেবে দেখছে। তাই সারা বিশ্ব থেকে ভারতে বিনিয়োগ আসছে। এমনকি, ভারত ব্যাঙ্কিং সেক্টরেও সংস্কার করেছে বলে দাবি করেছেন নমো। তার কথায়, “গ্রামে গ্রামে এখন ব্যাঙ্ক পৌঁছে গিয়েছে। গ্যাসের সংযোগের জন্য ২০১৪ সালেও মানুষকে হয়রান হতে হত। কারণ তখন সাংসদরা কুপন পেতেন, যার ভিত্তিতে গ্যাস কানেকশন দেওয়া যেত। সে জন্য সাংসদদের বাড়ির সামনে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন। আর আজ বিজেপি সরকার ১০ কোটি গরিব মানুষের ঘরে বিনামূল্যে গ্যাস কানেকশন দিয়েছে।” আর এই সব মিলিয়ে ভারত যে আত্মনির্ভর হয়ে উঠেছে সে কথাও প্রমাণ করেন তিনি। সেই সঙ্গে দেশবাসীকে দীপাবলীর আগাম শুভেচ্ছা জানাতে ভোলেননি মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *