গোটা মিউজিক ইন্ডাস্ট্রি জুড়ে শোকের ছায়া নেমেছে জুবিন গর্গের অকাল মৃত্যুতে। সেই সঙ্গে শোকে ডুবেছে অসম-ও। ইতিমধ্যেই গায়কের ডেথ সার্টিফিকেট প্রকাশ্যে এসেছে। যেখানে চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন, জলে ডুবে মারা গিয়েছেন গায়ক। তবে, এখন ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করছে অসম সরকার। আর সেই অপেক্ষা লগ্নেই সংবাদ সংস্থা ANI-এর সামনে বিশেষ বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
প্রসঙ্গত, গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় প্রাণ হারান জুবিন গর্গ। যদিও এই বিষয়ে মতভেদ রয়েছে! তবে, তার মৃত্যুর পর সিঙ্গাপুর থেকে মরদেহ দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং পরে একটি বাণিজ্যিক ফ্লাইটে রবিবার সকালে অসমের গুয়াহাটিতে পৌঁছায় তার নিথর দেহ। আসলে তিনি উত্তর-পূর্ব ভারত উৎসবের জন্য সিঙ্গাপুরে ছিলেন। আর তার মৃত্যুর পরই উৎসবের আয়োজকরা একটি বিবৃতি জারি করে জানান, স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন শ্বাসকষ্টের সম্মুখীন হন এবং তাকে তড়িঘড়ি CPR দেওয়া হয়, এমনকি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি! ভারতীয় সময় অনুযায়ী, বেলা আড়াইটার দিকে ICU-তে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
এদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “এটা ডেথ সার্টিফিকেট, ময়না তদন্তের রিপোর্ট নয়। আর এই দুটো আলাদা জিনিস। তবে, সমস্ত রিপোর্ট আসার পর আমরা সে সব নথি CID-র হাতে তুলে দেব। যদিও ইতিমধ্যেই অসমের মুখ্যসচিব সিঙ্গাপুরের সরকারি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে ময়নাতদন্তের রিপোর্ট তাড়াতাড়ি পাওয়া যায়।” উল্লেখ্য, ২৩শে সেপ্টেম্বর কামারকুচিতে গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। যদিও রবিবার সকালেই কফিনবন্দি দেহ দেশে ফিরেছে তার। আর এবার পালা তাকে বিদায় দেওয়ার।
তবে এমন শোকের আবহেই স্বয়ং সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবারের সাথে আলোচনার পর কামরূপ জেলার কামারকুচি এনসি গ্রামের হাথিমুরায় ১০ বিঘা জমিতে জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানেই তার স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। তবে, তার আগে গায়কের চিতাভস্ম জোরহাটে নিয়ে যাওয়া হবে এবং ঐতিহাসিক শহরের সঙ্গে তার সম্পর্ককে সম্মান জানাতেই সেখানেও একটি স্মৃতিসৌধ তৈরি করবে রাজ্য সরকার। তবে, আপাতত অসমে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে গায়কের অকাল প্রয়াণে।