"Don't just make decisions—show results!" Prime Minister Narendra Modi held a four-hour session with the country's top bureaucrats.

“সিদ্ধান্ত নয়, রেজাল্ট দেখান!” চার ঘণ্টা ধরে দেশের শীর্ষ আমলাদের ক্লাস নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন মন্ত্রকের শীর্ষ সচিবদের নিয়ে প্রায় চার ঘণ্টার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল, “সিদ্ধান্ত নিলেই হবে না, সেই সিদ্ধান্তের বাস্তব ফল মানুষের জীবনে দেখা যেতে হবে।” বৈঠকে প্রধানমন্ত্রী একে একে সচিবদের কাছে জানতে চান, তাঁদের মন্ত্রক কী কী সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের ফলে কতটা পরিবর্তন এসেছে এবং কতজন সাধারণ মানুষ তার সুফল পেয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সরকারি প্রকল্প শুধু কাগজে-কলমে সফল হলেই চলবে না। প্রকৃত সাফল্য তখনই, যখন সাধারণ মানুষ সেই পরিবর্তন নিজের জীবনে অনুভব করবেন।

এদিনের বৈঠকে বিশেষভাবে দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। প্রথমত, ব্যবসা পরিচালনার সুবিধা এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করতে অপ্রয়োজনীয় নিয়ম-কানুন বাতিল করা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা। দ্বিতীয়ত, ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। বিভিন্ন মন্ত্রকের সচিবরা তাঁদের নিজ নিজ দফতরে চলা সংস্কার, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তবে প্রধানমন্ত্রী শুধু রিপোর্ট শুনেই থেমে থাকেননি। তিনি বলেন, এখন সময় এসেছে আলাদা আলাদা মন্ত্রকের বদলে সমন্বিত সরকারের ধারণা নিয়ে কাজ করার।

অর্থাৎ, একাধিক মন্ত্রক একসঙ্গে কাজ করলে প্রকল্প বাস্তবায়ন দ্রুত হবে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও কার্যকর হবে এবং সাধারণ মানুষ দ্রুত সুবিধা পাবেন। এছাড়াও প্রধানমন্ত্রী পিএম গতিশক্তি’ প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার করার পরামর্শ দেন। তাঁর মতে, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় আরও বাড়বে, অবকাঠামো প্রকল্পের পরিকল্পনা উন্নত হবে এবং কাজের গতি অনেকটাই বাড়বে। প্রধানমন্ত্রী আরও বলেন, কোনও প্রকল্পের সফলতার আসল মাপকাঠি ফাইলের সংখ্যা নয়, বরং মানুষের জীবনে তার ইতিবাচক প্রভাব। তাই সরকারি সিদ্ধান্তের সুফল যেন নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছে যায়, সেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হল, এই বৈঠকে কোনও নতুন প্রকল্প বা বড় নীতিগত ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনের কাছে প্রধানমন্ত্রী একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, নিয়ম সহজ করতে হবে, মন্ত্রকগুলির মধ্যে সমন্বয় বাড়াতে হবে, আত্মনির্ভর ভারতের গতি আরও বাড়াতে হবে এবং সবচেয়ে বড় কথা, সরকারি প্রকল্পের বাস্তব ফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতেই হবে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সরকারি প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল করার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *