মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড হলেন কলকাতা পুলিশের এক ইনস্পেক্টর। সরকারি পদে থেকে এমন মন্তব্যের অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপ করল লালবাজার। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ইনস্পেক্টর একলাখ আহমেদের সাসপেনশন কার্যকর হয়েছে সোমবার থেকেই। পাশাপাশি তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে তদন্তের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাসপেনশনে থাকার সময় তাঁর বেতনের অর্ধেক কেটে নেওয়ার কথাও জানানো হয়েছে নির্দেশিকায়।
কিন্তু ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, রবিবার দুপুরে বাজি ফাটানো নিয়ে আলোচনা চলছিল ১৯৯৯ সালে পুলিশে যোগ দেওয়া কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই গ্রুপেই আচমকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ইনস্পেক্টর ইখলাক আহমেদ। মুহূর্তের মধ্যে সেই মন্তব্য ঘিরে গ্রুপের মধ্যেই আপত্তি জানাতে শুরু করেন অন্য পুলিশকর্মীরা। তৈরি হয় বিতর্ক।
ঘটনার পর অবশ্য নিজের মন্তব্য মুছে ফেলেন ওই পুলিশ আধিকারিক। এমনকী, ক্ষমাও চেয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। সরকারি কর্মী হয়ে একজন পুলিশ আধিকারিক কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, একলাখ আহমেদ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অধীনে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আউটপোস্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোমবার সকালে পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে জারি করা হয় কমিশনার্স অর্ডার নম্বর ৬৭৮। সেই নির্দেশিকাতেই তাঁর সাসপেনশনের কথা জানানো হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগের তদন্ত করবে রাজ্য সরকার। তদন্ত চলাকালীন সাসপেন্ড থাকবেন ওই পুলিশ আধিকারিক। সেই সময় তাঁর প্রাপ্য বেতনের অর্ধেক কেটে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শুধু বিভাগীয় পদক্ষেপেই বিষয়টি থেমে থাকছে না, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দিকেও এগোচ্ছে প্রশাসন।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর সরকারি কর্মীদের প্রকাশ্যে মতপ্রকাশ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। গত ২০ মে নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল।
যদিও পরবর্তী সময়ে স্পষ্ট করা হয়, রাজ্য সরকারের নিয়মিত দপ্তরের কর্মী ও আধিকারিকদের ক্ষেত্রেই ওই নির্দেশিকা প্রযোজ্য হবে। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টিই সেখানে গুরুত্ব পেয়েছিল।
এবার এক পুলিশ ইনস্পেক্টরের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে সাসপেনশনের সিদ্ধান্ত সেই নির্দেশিকাকে ঘিরে নতুন করে আলোচনা উসকে দিয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা জরুরি। শেষ পর্যন্ত তদন্তে কী উঠে আসে, এবং ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর থাকবে।