ধর্ষককে এনকাউন্টার করেছি শুনেই ভালো লাগছে! রায়গঞ্জ কাণ্ডের পর বিরোধীদের দিকে তোপ দেগে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী !

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের বয়স মাত্র ছয় মাস। আর এই স্বল্প সময়ের মধ্যেই একের পর এক চারটি পুলিশি এনকাউন্টারের ঘটনায় যখন তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখনই রায়গঞ্জের নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তের এনকাউন্টার প্রসঙ্গে চরম আক্রমণাত্মক ও বিস্ফোরক মন্তব্য করে আসরে নামলেন বিজেপি নেতা তথা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের নবনিযুক্ত উপদেষ্টা মিঠুন চক্রবর্তী! বিরোধীদের মানবাধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্নকে সরাসরি উড়িয়ে দিয়ে মহাগুরু সাফ জানিয়ে দিলেন— “ধর্ষককে এনকাউন্টার করেছি, এটা শুনেই মন ভালো হয়ে যাচ্ছে!” আর সেই সাথেই বিগত জমানার অপশাসনের খতিয়ান টেনে বিরোধীদের উদ্দেশে ছুড়ে দিলেন এক ঝাঁঝালো পাল্টা প্রশ্ন— “১৫ বছর ধরে আইন-শৃঙ্খলা নিয়ে আপনারা ঠিক কী করেছিলেন?”

নবান্নে পালাবদলের পর থেকেই নারী সুরক্ষায় কার্যত ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে এগোচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। মাত্র ছয় মাসের ব্যবধানে রাজ্যে ঘটে যাওয়া চারটি এনকাউন্টারের মধ্যে তিনটি ক্ষেত্রেই নিহত ব্যক্তিরা ছিল সরাসরি নাবালিকা ধর্ষণ ও নারকীয় খুনের মতো ক্ষমার অযোগ্য অপরাধে অভিযুক্ত। বিরোধীরা যখন এই ‘এনকাউন্টার মডেল’কে সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা বলে দাগিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই রাজ্য পুলিশের এই আগ্রাসী পদক্ষেপের পাশে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়ালেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী।

বিরোধীদের তোলা প্রশ্নের মুখে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিয়ে মিঠুন বলেন— “যাঁরা আজ এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের উল্টে আমি প্রশ্ন করছি, বিগত ১৫ বছর ধরে আইন-শৃঙ্খলা নিয়ে আপনারা কী করেছিলেন? রাজ্যে নারী নির্যাতন ও ধর্ষণের মতো চরম স্পর্শকাতর বিষয়গুলোকে আপনারা কার্যত এক নির্মম উপহাসে পরিণত করেছিলেন। ধর্ষকদের জন্য কোনো মায়া-দয়া হতে পারে না। তাদের এনকাউন্টার হয়েছে শুনেই সাধারণ মানুষের মতো আমারও ভালো লাগছে।”

ওয়াকিবহাল মহলের মতে, বিধানসভা ভোটের প্রচার পর্বে দেওয়া শুভেন্দু অধিকারীর সেই বহুল চর্চিত বার্তা— “ধর্ষকদের কোর্টে পাঠাব না, সকালে জমা নেব আর বিকেলে খরচ করব”— আজ কার্যত অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। মুখ্যমন্ত্রীও সম্প্রতি কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, পুলিশকে আত্মরক্ষার জন্য অস্ত্র দেওয়া হয়েছে, পকেটে রাখার জন্য নয়। অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ তাদের রসগোল্লা খাওয়াবে না; আত্মরক্ষায় গুলি চালাতে এক মুহূর্তও দ্বিধা করবে না প্রশাসন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে মিঠুনের এই প্রকাশ্য সমর্থন রাজ্য পুলিশের মনোবলকে যে কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

শুধু এনকাউন্টার বিতর্কই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের নোটিস পৌঁছানো এবং তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের বিমানবন্দর থেকে নাটকীয় গ্রেফতারি নিয়েও শাসকদলের স্বচ্ছ অবস্থান স্পষ্ট করেছেন মিঠুন। মমতার বাড়িতে নোটিস পাঠানো প্রসঙ্গে তিনি সটান বলেন— “এটা সম্পূর্ণ আইনের বিষয়, যা বলার পুলিশই বলবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যদি তদন্তের স্বার্থে ডাকা না যায়, তবে তাঁরা আইনি পথে গিয়ে তাকে চ্যালেঞ্জ করুন।” অন্যদিকে তৃণমূল বিধায়কের গ্রেফতারি নিয়ে তাঁর বক্তব্য— “পুলিশ কাউকে অহেতুক বা শখের বশে বিমানবন্দর থেকে আটক করে না। নির্দিষ্ট সমন বা এফআইআর ছিল বলেই তদন্তকারীরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।”

তৃণমূলের তথাকথিত ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় বিঁধেছেন মহাগুরু। ক্ষোভে ফেটে পড়ে তিনি বলেন— “আমরা নাকি রাজ্যে গুন্ডারাজ চালাচ্ছি? বিগত ১৫ বছর ধরে এ রাজ্যের মানুষ আর বিরোধীরা যা নারকীয় অত্যাচার সহ্য করেছে, তার উত্তর কে দেবে? ক্ষমতা হারানোর জ্বালা থেকেই আজ এইসব ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এখন তো আবার শোনা যাচ্ছে ‘কালীঘাট তৃণমূল’— ওসব বলে আর কোনো লাভ নেই, ওদের জমানা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে!”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগী নকশাল’ মন্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে এবং জাতীয় রাজনীতিতে মোদির বিকল্পহীন নেতৃত্বের কথা তুলে ধরে মিঠুন স্পষ্ট বুঝিয়ে দিলেন— বদলের বাংলায় অপরাধী ও দুষ্কৃতীদের কোনো রেয়াত করা হবে না। একদিকে পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান, অন্যদিকে রাজ্য সরকারের উপদেষ্টার এই দ্ব্যর্থহীন বার্তা— অপরাধমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে নবান্ন যে কোনো আপস করতে রাজি নয়, মিঠুন চক্রবর্তীর এই ঝাঁঝালো বক্তব্যেই তা ফের একবার প্রমাণিত হলো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *