পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পালটা পদক্ষেপের মুখে পড়তেই হবে! শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের এনকাউন্টারের পর এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, পুলিশকে আক্রমণ করলে পুলিশ আর পুষ্পবৃষ্টি করবে না। বাংলায় ধর্ষক, খুনি ও গুন্ডাদের কোনও জায়গা থাকবে না। অপরাধীদের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স।
রবিবার রতন শেখের মৃত্যুর খবর সামনে আসার পর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিশের উপর হামলা হলে আত্মরক্ষার অধিকার রয়েছে বাহিনীর। ডিউটিতে থাকা পুলিশকর্মীদের আক্রমণ করলে পরিস্থিতি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইকবাজার এলাকায় রতন শেখকে ধরতে অভিযান চালায় পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গুলিতে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ পায়ে গুলি লাগে। প্রথমে তাঁকে বোলপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় রবিবার তাঁকে কলকাতায় পাঠানো হয়।
শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজে গিয়ে জখম কনস্টেবল বিশ্বজিৎ দাসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাহসিকতার প্রশংসা করেন তিনি। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, পুলিশের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং অপরাধীকে কঠোর শাস্তি পেতে হবে। তবে সমস্ত পদক্ষেপ ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস মেনেই করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এরপর রবিবার গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে এনকাউন্টারে মৃত্যু হয় রতন শেখের। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা অভিযানে গিয়েছিলেন, পরিস্থিতি ঠিক কী ছিল, তা তাঁরাই বলতে পারবেন। তাঁর দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩২টি মামলা ছিল। পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ যে পালটা ব্যবস্থা নেবে, সেটাই স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশকে মারতে এলে পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে না। আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে বাহিনীর। বাংলায় ধর্ষক, খুনি ও গুন্ডাদের কোনও স্থান নেই বলেও ফের কড়া অবস্থান জানান তিনি। তাঁর কথায়, ডিউটিতে থাকা পুলিশকর্মীকে কেউ গুলি করলে ঘটনাস্থলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রতন শেখের এনকাউন্টার নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে। একদিকে জখম পুলিশকর্মীর চিকিৎসা এবং তাঁর সাহসিকতার বিষয়টি সামনে এসেছে, অন্যদিকে অভিযুক্তের মৃত্যুর পরিস্থিতি নিয়েও নজর রয়েছে বিভিন্ন মহলের। মুখ্যমন্ত্রী অবশ্য এই ঘটনায় পুলিশের পাশে দাঁড়িয়ে অপরাধ দমনে কঠোর অবস্থানের কথাই স্পষ্ট করেছেন। তাঁর বার্তা, আইনশৃঙ্খলা রক্ষায় কোনও আপস করা হবে না।