ইতিমধ্যেই শুরু রাজনৈতিক তৎপরতা শীতকালীন অধিবেশনেই এই বিল পাস করানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রের শাসক জোট কিন্তু অঙ্কটা যে একেবারেই সহজ নয়!

২০২৯-এর লোকসভা নির্বাচন এখনও অনেকটা দূরে। কিন্তু তার আগেই কি ক্ষমতা ধরে রাখার অঙ্ক কষতে শুরু করে দিয়েছে বিজেপি? সংসদে একের পর এক বড় সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রের শাসক জোট এনডিএ। এবার তাদের নজরে আসন পুনর্নির্ধারণ এবং নারী সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল। সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশনেই এই বিল পেশ করতে পারে কেন্দ্র। কিন্তু বিল পাস করানোর পথ যে খুব একটা মসৃণ নয়, তা স্পষ্ট। কারণ, শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নয়, এর জন্য প্রয়োজন লোকসভার দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন। আর সেখানেই তৈরি হয়েছে বড় অঙ্কের জটিলতা।

 

সম্প্রতি এনডিএ নেতা কেসি ত্যাগী জানিয়েছেন, এই বিল পাস করানোর জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে শাসক জোট। তাঁর দাবি, সীমানা নির্ধারণ বিল এবং নারী সংরক্ষণ বিল, দুটিই সংসদে আনা হতে পারে। শুধু তাই নয়, কংগ্রেসও এই বিলের বিরোধিতা করে সাধারণ মানুষের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে চাইবে না বলে মনে করেন তিনি। কিন্তু বিরোধীদের সমর্থন আদৌ কতটা মিলবে, সেটাই এখন বড় প্রশ্ন।

 

কারণ, বিল পাস করানোর জন্য লোকসভায় প্রয়োজন ৩৬১ জন সাংসদের সমর্থন। বর্তমানে ৫৪৩টি আসনের মধ্যে তিনটি আসন শূন্য থাকায় কার্যকর সদস্যসংখ্যা ৫৪০। এনডিএর হাতে রয়েছে ৩১৮ জন সাংসদ। অর্থাৎ, বিল পাস করাতে আরও অন্তত ৪৩ জন সাংসদের সমর্থন জোগাড় করতে হবে। ফলে সংখ্যার অঙ্কে এগিয়ে থেকেও আপাতত নিশ্চিন্ত হওয়ার জায়গা নেই কেন্দ্রের শাসক জোটের।

অন্যদিকে, ২০২৯ সালের জুন মাসে শেষ হবে বর্তমান ১৮তম লোকসভার মেয়াদ। পরবর্তী লোকসভা নির্বাচনে সরকার গড়তে ৫৪৩টি আসনের মধ্যে অন্তত ২৭২টি আসন প্রয়োজন। বর্তমানে ৩১৮টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতার বিচারে অনেকটাই এগিয়ে এনডিএ। তবে সংসদের এই বিল পাস করানোর লড়াই আর ২০২৯-এর নির্বাচনে সরকার গঠনের লড়াই যে এক নয়, তা স্পষ্ট। কারণ, শেষ পর্যন্ত ভোটের ফলই নির্ধারণ করবে দিল্লির মসনদে কারা বসবে।

তাহলে কি ২০২৯-এর ক্ষমতার লড়াইয়ের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে বিজেপি? নারী সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাসের এই বিল কি হয়ে উঠতে চলেছে এনডিএর বড় রাজনৈতিক হাতিয়ার? নাকি সংসদে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতেই আটকে যাবে কেন্দ্রের এই পরিকল্পনা? আপাতত সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *