আদিবাসীদের রেশন চুরির অভিযোগে বড় অ্যাকশন ! আচমকা বীরভূম সফরে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া!

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতি রুখতে এবার সরাসরি ময়দানে নামলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। মঙ্গলবার বীরভূমে একটি সরকারি বৈঠকে যোগ দেওয়ার আগেই জেলার বিভিন্ন রেশন দোকান ও খাদ্য গুদামে আচমকা পরিদর্শন বা ‘সারপ্রাইজ ভিজিট’ করেন তিনি। আর সেই অভিযানেই আদিবাসী পরিবারের প্রাপ্য রেশন সামগ্রী কম দেওয়ার গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই এক রেশন ডিলারকে সাসপেন্ড করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।
প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার বেলা ১২টায় বীরভূমে খাদ্যমন্ত্রীর একটি সরকারি বৈঠক নির্ধারিত ছিল।

কিন্তু হাতে সময় থাকায় সকাল ৯টা থেকেই টানা তিন ঘণ্টা জেলার বিভিন্ন প্রান্তে রেশন দোকান ও গুদাম পরিদর্শনে বেরিয়ে পড়েন অশোক কীর্তনীয়া। পরিদর্শনের সময় বল্লভপুরডাঙা এলাকার একটি আদিবাসী গ্রামের বাসিন্দারা স্থানীয় রেশন ডিলার দেবাশিস গোস্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। গ্রামবাসীদের দাবি অনুযায়ী, ওই ডিলার দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে আদিবাসী পরিবারগুলিকে নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল ও গম দিচ্ছিলেন, এবং এ সংক্রান্ত ভিডিও প্রমাণও মন্ত্রীর সামনে পেশ করা হয়।

অভিযোগ পাওয়ার পরপরই ডিসিএফএস এবং এসএফএস-সহ খাদ্য দফতরের আধিকারিকদের নিয়ে সংশ্লিষ্ট রেশন দোকানে হানা দেন খাদ্যমন্ত্রী। অভিযোগের সত্যতা যাচাই করার পর কোনো কালবিলম্ব না করে ‘অন দ্য স্পট’ ওই ডিলারের লাইসেন্স সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, শুধুমাত্র লাইসেন্স সাসপেন্ড করাই নয়, পুলিশ প্রশাসনের মাধ্যমে অভিযুক্ত ডিলারকে গ্রেফতার করানো এবং মোটা অঙ্কের জরিমানা করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এদিন বীরভূম থেকেই রাজ্যের সমস্ত রেশন ডিলারের উদ্দেশে কড়া সতর্কবার্তা দেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি স্পষ্ট জানান যে, সাধারণ মানুষের প্রাপ্য অধিকার নিয়ে কোনো রকম ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। ডিলারদের উদ্দেশে তিনি বলেন, সরকার সহানুভূতিশীল হলেও কেউ যদি সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন, তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার তা মেনে নেবে না। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, তিনি ব্যক্তিগতভাবে কখন রাজ্যের কোন প্রান্তে পৌঁছে যাবেন, তা ডিলাররা টেরও পাবেন না।
রেশন দোকানের পাশাপাশি এদিন একটি সরকারি খাদ্য গুদামও পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী এবং সেখানে মজুত থাকা চাল ও গমের গুণমান খতিয়ে দেখেন। গুদামের সামগ্রীর মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে, রাজ্যের প্রতিটি জেলার প্রান্তিক মানুষের কাছে তাঁদের ন্যায্য অধিকার পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *