রাষ্ট্রনেতাদের সঙ্গে গ্রুপ ছবি তুলতে গিয়ে হঠাৎ যা করলেন মোদী, অভিভূত ট্রাম্পও! প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ নজর কাড়ল সকলের।

আন্তর্জাতিক মঞ্চে ফের নজর কাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার কোনও বড় রাজনৈতিক ঘোষণা কিংবা কূটনৈতিক বক্তব্যের জন্য নয়, বরং একটি ছোট্ট পদক্ষেপের জন্য। রাষ্ট্রনেতাদের সঙ্গে গ্রুপ ছবি তোলার সময় মাটিতে পড়ে থাকা ভারতীয় পতাকার মার্কারটি তুলে নিলেন তিনি। আর প্রধানমন্ত্রীর এই কাজ দেখে প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্পের মুখে শোনা গেল, ‘এটা রেখে দিন।’ মুহূর্তের মধ্যেই এই দৃশ্য আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে।

ঘটনাটি মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায়। সেখানে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে উপস্থিত হয়েছেন ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতারা। গ্রুপ ছবি তোলার জন্য নির্দিষ্ট জায়গায় একে একে এগিয়ে আসেন চার দেশের নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

ছবি তোলার প্রস্তুতির মধ্যেই হঠাৎ মাটির দিকে নজর যায় মোদীর। সেখানে রাখা ছিল ভারতীয় জাতীয় পতাকার একটি মার্কার, যা সাধারণত ছবি তোলার সময় রাষ্ট্রনেতাদের দাঁড়ানোর জায়গা চিহ্নিত করতে ব্যবহার করা হয়। সেটি মাটিতে পড়ে থাকতে দেখে আর অপেক্ষা করেননি প্রধানমন্ত্রী। নিজেই ঝুঁকে মার্কারটি তুলে নেন এবং নিজের পকেটে রেখে দেন।

প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ নজর এড়ায়নি ডোনাল্ড ট্রাম্পের। ভারতীয় পতাকার দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা রেখে দিন।’ ট্রাম্পের কথার পর মোদীকে মার্কারটি পকেটে রাখতে দেখা যায়। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়। হোয়াইট হাউসের তরফে প্রকাশিত ভিডিওতেও ধরা পড়েছে এই বিশেষ মুহূর্ত। ফলে কোয়াড সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার বাইরেও এই ছোট্ট ঘটনা আলাদা করে নজর কেড়েছে।

এদিন অবশ্য শুধু এই ঘটনাই নয়, কোয়াডের ভবিষ্যৎ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চার দেশের সহযোগিতা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

ম্যানিলায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোয়াডের সঙ্গে এই শহরের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৭ সালে প্রথমবার চার দেশের আধিকারিকরা এই শহরেই বৈঠকে বসেছিলেন। এরপর ২০১৭ সালে এখানেই ফের আলোচনা শুরু হয়। তাই ম্যানিলায় আবারও কোয়াড বৈঠকের আয়োজনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি।

সামুদ্রিক নিরাপত্তা, নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা, নতুন প্রযুক্তি এবং বিপর্যয় মোকাবিলার মতো ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপরেও জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই অংশীদারিত্বের লক্ষ্য শুধু চার দেশের স্বার্থ রক্ষা নয়, বরং গোটা অঞ্চলের জন্য কার্যকর সমাধান তৈরি করা।

এদিকে, গ্রুপ ছবি তোলার কিছুক্ষণ আগেই মোদীর প্রশংসা শোনা যায় ট্রাম্পের মুখে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোয়াডের তিন নেতার সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক রয়েছে। তাঁদের বন্ধু বলেও উল্লেখ করেন তিনি। এরপর মোদীকে দৃঢ়চেতা ব্যক্তি হিসেবে প্রশংসা করেন ট্রাম্প।

সব মিলিয়ে ম্যানিলার কোয়াড সম্মেলনে কূটনৈতিক আলোচনা, পারস্পরিক সম্পর্কের বার্তা এবং একটি ছোট্ট মুহূর্ত—সব মিলিয়েই আলোচনার কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *