ঘটনাটি আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকার মাদার টেরিজা সরণির। পুলিশ সূত্রে খবর, একাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত প্রতাপ দাস দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিল। পুজোর আগেই জেল থেকে মুক্তি পেয়েছিল সে। কিন্তু তারপর থেকে কার্যত গা ঢাকা দিয়েছিল প্রতাপ। এদিকে বুধবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, দীর্ঘদিন পলাতক থাকার পর ফের ইসমাইলের একটি ভাড়া বাড়িতে ফিরেছে প্রতাপ। সেই খবর পেয়েই আর দেরি করেনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে ওই এলাকায় শুরু হয় অভিযান।
পুলিশ বাড়ি ঘিরে ফেলতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পুলিশ বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছে, তা বুঝতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে প্রতাপের বিরুদ্ধে। পুলিশকে লক্ষ্য করেই গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।
ঘটনার পরই গোটা এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। প্রতাপের বাড়িতে ঢুকেও তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের কাছে এখন অন্যতম বড় প্রশ্ন, প্রতাপের হাতে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে? বাড়িতে কি আগে থেকেই অস্ত্র মজুত ছিল? নাকি বাইরে থেকে অস্ত্রের জোগান পাচ্ছিল সে?
পুলিশ সূত্রে খবর, প্রতাপ দাস ওরফে প্যাওয়ের বিরুদ্ধে সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, অতীতে সালানপুরের পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো এবং আসানসোল বাজার এলাকায় ভাই-বোন খুনের ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়ার অভিযোগেও তার নাম জড়িয়েছে। অভিযোগ, প্রতাপের অপরাধের ইতিহাস বেশ দীর্ঘ।
কখনও গ্রেপ্তার, কখনও জামিনে মুক্তি। তারপর ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এবার দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর বাড়িতে ফিরতেই পুলিশের অভিযানের মুখে পড়ে সে। আর সেই অভিযান ঘিরেই এবার সামনে এল গুলি চালানোর অভিযোগ।
তবে আসানসোলের এই ঘটনা সামনে আসতেই মনে পড়ছে মাত্র কয়েক দিন আগের বোলপুরের ঘটনা। ১৩ নভেম্বর সন্ধ্যায় শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় অপরাধী রতন শেখকে ধরতে সাদা পোশাকে অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযোগ, পুলিশ রতনের নাগালের মধ্যে পৌঁছে যেতেই তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পায়ে গুলি লাগে ওই পুলিশকর্মীর। আহত অবস্থায় তাঁকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আর সেই সুযোগেই পালিয়ে যায় অভিযুক্ত রতন শেখ। পরে ওই ঘটনার দু’দিনের মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্তের। এবার ফের আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে অভিযুক্তের পালানোর অভিযোগ। দুটি পৃথক ঘটনা হলেও পুলিশের অভিযানের সময় দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বুধবারই নিমচা ফাঁড়ি থেকে বদলি হয়ে হীরাপুর থানার দায়িত্ব নিয়েছেন নাসরিন সুলতানা। আর দায়িত্ব গ্রহণের দিনই তাঁর থানা এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সামনে এল।
এখনও অধরা প্রতাপ দাস ওরফে প্যাও। তাকে ধরতে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।