পাকিস্তানে কি এবার ভাঙনের সুর আরও জোরালো? নতুন প্রদেশ তৈরির প্রস্তাব ঘিরে রীতিমতো উত্তপ্ত সিন্ধু প্রদেশ। বন্দর শহর করাচির রাজপথে হাজার হাজার মানুষের বিক্ষোভ, স্লোগানে স্লোগানে মুখরিত চারপাশ। দাবি একটাই, কোনওভাবেই ভাগ করা যাবে না সিন্ধুকে। আর এই প্রতিবাদ শুধু প্রশাসনিক সীমানা বদলের বিরোধিতায় আটকে নেই, বিক্ষোভকারীদের একাংশের মুখে উঠেছে স্বাধীন ‘সিন্ধুদেশ’ গড়ার দাবিও। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে যা নতুন করে অস্বস্তি বাড়াচ্ছে।
নতুন প্রদেশ তৈরির প্রস্তাব সামনে আসতেই সিন্ধুর রাজনৈতিক ও সামাজিক মহলে ক্ষোভের আগুন ছড়িয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, সিন্ধুর ঐতিহাসিক পরিচয়, সংস্কৃতি ও ভৌগোলিক অখণ্ডতাকে আঘাত করার চেষ্টা চলছে। এই বিভাজনের প্রস্তাব কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রতিবাদে পথে নেমেছে সিন্ধু জাতীয়তাবাদী সংগঠনগুলি। শুধু স্লোগান নয়, পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবকে অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছে ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ’ বা JSMM। স্বাধীন সিন্ধুদেশের দাবিতে সরব হয়েছেন সংগঠনের সদস্যরা।
আন্দোলনের উত্তাপ আরও বাড়িয়েছে সিন্ধুর ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি বা PPP-র অবস্থান। দলের প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারি সিন্ধু ভাগের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ফেডারেল সরকারের বিরুদ্ধে কার্যত রণংদেহি মনোভাব তাঁর। বিলাওয়ালের আশঙ্কা, সিন্ধু ভাগের চেষ্টা হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। এমনকি সিন্ধুর মানুষ অস্ত্র হাতে তুলে নিতে পারেন, করাচি ও হায়দরাবাদের রাস্তায় রক্তপাতের আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি। তাঁর এই বক্তব্য পাকিস্তানের রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিতর্কের কেন্দ্রে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নকভি পাকিস্তানে নতুন প্রদেশ বা ছোট প্রশাসনিক একক তৈরির প্রস্তাব সামনে এনেছেন। জনমত যাচাই করতে গণভোটের কথাও বলেছেন তিনি। একই সুর শোনা গিয়েছে পাক পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালের বক্তব্যেও। তাঁর প্রস্তাব, ঐকমত্যের ভিত্তিতে পাকিস্তানে ১২ থেকে ১৫টি প্রদেশ তৈরি করা যেতে পারে। আর এই প্রস্তাব ঘিরেই সিন্ধুর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র টানাপোড়েন।
বর্তমানে পাকিস্তানে রয়েছে চারটি প্রদেশ পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান। প্রায় ২৫ কোটি মানুষের দেশে এই চার প্রদেশের বিশাল আয়তন ও জনসংখ্যার কারণে প্রশাসনিক কাজ পরিচালনা এবং নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া কঠিন, এমন যুক্তিই তুলে ধরছেন প্রস্তাবের সমর্থকরা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও প্রদেশের সংখ্যা ১২ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনার কথা বলেছেন। যদিও ২২ নভেম্বর পর্যন্ত নতুন প্রদেশ তৈরির বিষয়ে সরকারের কোনও আনুষ্ঠানিক লিখিত প্রস্তাব সংশ্লিষ্ট দফতরে জমা পড়েনি বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। অর্থাৎ প্রস্তাব এখনও আলোচনার স্তরে, কিন্তু তার জেরে রাজনৈতিক সংঘাত ইতিমধ্যেই রাস্তায় নেমে এসেছে।
পাকিস্তানি সংবাদপত্র ‘বিজনেস রেকর্ডার’-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার করাচিতে জিয়ে সিন্ধু রাহবার কমিটির ডাকে বড় মিছিল হয়। চারটি সিন্ধি জাতীয়তাবাদী সংগঠনের এই জোটের কর্মসূচিতে লাল পতাকা হাতে যোগ দেন বহু মানুষ। নেতৃত্বে ছিলেন রিয়াজ আলি চানদিও ও নিয়াজ কালানির মতো নেতারা। আইনজীবী থেকে নাগরিক সমাজের প্রতিনিধিরাও মিছিলে অংশ নেন। বিক্ষোভের জেরে করাচির একাধিক রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুধু করাচি নয়, হায়দরাবাদ, নবাবশাহ ও লারকানা-সহ সিন্ধুর বিভিন্ন এলাকাতেও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এর আগে ২১ নভেম্বর দাদু জেলার মেহার শহরেও সিন্ধু বিভাজনের প্রস্তাবের বিরুদ্ধে বড় বিক্ষোভ হয়েছিল।
পাকিস্তানি সংবাদপত্র ‘ডন’-এর রিপোর্ট অনুযায়ী, বিক্ষোভকারীদের আশঙ্কা, গণভোটের আড়ালে আগে থেকেই ঠিক করে রাখা সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার চেষ্টা হতে পারে। তাই নতুন প্রদেশ তৈরির প্রস্তাবকে তাঁরা নিছক প্রশাসনিক সংস্কার হিসেবে দেখতে নারাজ। সামনে আরও বিক্ষোভ কর্মসূচি, একই দিনে পাল্টা সমাবেশের পরিকল্পনা রয়েছে প্রতিদ্বন্দ্বী শিবিরগুলিরও। ফলে করাচির রাজপথে সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। প্রশাসনিক পুনর্গঠনের প্রস্তাব কি পাকিস্তানের রাজনৈতিক ঐক্যকে আরও মজবুত করবে, নাকি সিন্ধুর ক্ষোভ থেকেই জন্ম নেবে নতুন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন? আপাতত সেই প্রশ্নেই তপ্ত পাকিস্তানের রাজনীতি।