অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে প্রায় ২৩৫০ কোটি টাকার ব্যবসা গোটাল বিদেশি ব্র্যান্ড!ওপার বাংলার ‘সর্বনাশে’ এবার ‘পৌষমাস’ ভারতের !

আগামী মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বার্তাকে কেন্দ্র করে এই মুহূর্তে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকাগুলোতে যেমন রাজনৈতিক অশান্তি চরমে উঠেছে, তেমনই গভীর সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতির মূল স্তম্ভ অর্থাৎ পোশাকশিল্প। ন্যূনতম দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে গত অক্টোবরের শেষ থেকেই শুরু হওয়া শ্রমিক আন্দোলনের জেরে একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। আর এই চরম অরাজকতার সরাসরি প্রভাব পড়েছে দেশের বাণিজ্যে। বিভিন্ন সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অন্যতম বৃহৎ বস্ত্র রপ্তানিকারক দেশ বাংলাদেশ অন্তত দু’হাজার তিনশো থেকে দু’হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকার বিদেশি ব্যবসা খুইয়েছে।

হিসেব বলছে, জারা, এইচ অ্যান্ড এম এবং মার্কস অ্যান্ড স্পেনসর্স-এর মতো বিশ্বখ্যাত তিনটি বিদেশি পোশাক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের অগ্রিম অর্ডার বাতিল করে ব্যবসা গুটিয়ে নিয়েছে। এর ফলে বাংলাদেশের যে বিশাল আর্থিক ক্ষতি হয়েছে, তা দেশের মোট জিডিপি-র প্রায় দশ শতাংশের সমান। অথচ একসময় নারায়ণগঞ্জ, গাজিপুর এবং আশুলিয়ার শত শত পোশাক কারখানায় চব্বিশ ঘণ্টা কাজ চলত। শেখ হাসিনার আমল থেকে এই বস্ত্রশিল্পই বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে শক্তিশালী করে রেখেছিল এবং ইউরোপ ও আমেরিকার বেশিরভাগ বড় ব্র্যান্ডের জোগানের জন্য বিশ্বজুড়ে এর আলাদা খ্যাতি ছিল।

কিন্তু সাম্প্রতিক ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে কারখানাগুলোতে চলছে লাগাতার শ্রমিক বিক্ষোভ, কর্মবিরতি এবং অচলাবস্থা। ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকরা কাজ ছেড়ে রাস্তায় নেমে এলেও, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তাঁদের দাবি মানতে নারাজ বলে অভিযোগ। ফলে বাধ্য হয়েই কারখানায় তালা ঝোলাতে হচ্ছে মালিকদের। সময়মতো পোশাকের জোগান না পেয়ে ক্ষুব্ধ বিদেশি সংস্থাগুলো আর ঝুঁকি নিতে চাইছে না। এই বিপুল আর্থিক বিপর্যয়ের জন্য তারেক রহমান সরকারকেই সরাসরি দায়ী করেছে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামি লিগ।

আর প্রতিবেশী দেশের এই চরম ‘সর্বনাশে’ কার্যত ‘পৌষমাস’ শুরু হতে চলেছে ভারতের। সূত্রের খবর, বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ বরাত বাতিল করেছে, তার একটা বড় অংশ এখন সরাসরি আসতে চলেছে ভারতের পোশাকশিল্পের ঝুলিতে। শুধু ভারতই নয়, এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভিয়েতনাম, কাম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও নতুন বরাত পেতে চলেছে। বাংলাদেশের বড় বড় পোশাক সংস্থার মালিকরাও নিজেদের এই দুর্বলতা স্বীকার করে নিয়েছেন। তাঁদের অকপট স্বীকারোক্তি, এই মুহূর্তে দেশের বস্ত্রশিল্পের বেহাল দশার কারণে আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণে ভারতের মতো দেশ অনেকটাই এগিয়ে রয়েছে। সব মিলিয়ে, দ্রুত এই অচলাবস্থা কাটিয়ে উঠতে না পারলে বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তোলা যে ক্রমশ কঠিন হয়ে পড়বে, তা নিয়ে এখন চরম দুশ্চিন্তায় ওপার বাংলার শিল্পমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *