এবার শিলিগুড়ি থেকে দার্জিলিং-সিকিম পৌঁছনো যাবে মাত্র ১ ঘণ্টায়, দ্রুত হবে সেনার যাতায়াতও।

চিকেনস নেক বা শিলিগুড়ি করিডরকে ঘিরে এবার সড়ক পরিকাঠামোয় বড়সড় পরিকল্পনা কেন্দ্রের। উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারত এবং পাহাড়ি এলাকার যোগাযোগ আরও দ্রুত ও মসৃণ করতে একাধিক হাইস্পিড করিডর ও গ্রিনফিল্ড রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং কিংবা সিকিম পৌঁছতে সময় কমে মাত্র এক ঘণ্টা হতে পারে। পাশাপাশি এই নতুন সড়ক পরিকল্পনায় সামরিক বাহিনীর যাতায়াতও আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বৃহস্পতিবার কোলাঘাটের একটি অনুষ্ঠানে বাংলার একাধিক সড়ক প্রকল্পের ঘোষণা করেন। সেই পরিকল্পনার মধ্যে রয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং, সিকিম এবং গুয়াহাটি পর্যন্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত দীর্ঘ ৬ লেনের রাস্তা তৈরির পরিকল্পনাও রয়েছে। ফলে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আগামী দিনে বড় পরিবর্তন আসতে পারে।

শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চার লেনের হাইস্পিড করিডর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। বর্তমানে এই পথ পাড়ি দিতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে। নতুন করিডর তৈরি হলে যাতায়াতের সময় কমে প্রায় চার ঘণ্টা হতে পারে। চলতি বছরেই এই সড়ক নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ আরও দ্রুত করার পাশাপাশি ব্যবসা, পণ্য পরিবহণ এবং সামরিক চলাচলের ক্ষেত্রেও এই রাস্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও গোরক্ষপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় ৫৭০ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সড়ক তৈরির পরিকল্পনা রয়েছে। এই রাস্তা তৈরি হলে বর্তমানে প্রায় ১৪ ঘণ্টার যাত্রা কমে ছয় ঘণ্টায় পৌঁছনো সম্ভব হতে পারে বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত হবে।

পাহাড়ের জন্যও রয়েছে বিশেষ পরিকল্পনা। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সেবক হয়ে প্রায় ৭৭ কিলোমিটার দীর্ঘ দু’লেনের গ্রিনফিল্ড রাস্তা তৈরির প্রস্তুতি চলছে। পেভড শোল্ডার-সহ এই প্রকল্পে আনুমানিক ছয় হাজার কোটি টাকা খরচ হতে পারে। অন্যদিকে, শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তা তৈরির প্রস্তাব রয়েছে। এই প্রকল্পেও খরচ ধরা হয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা। রাস্তা তৈরি হলে শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছতে প্রায় তিন ঘণ্টার পরিবর্তে এক ঘণ্টা লাগতে পারে।

এই সড়ক পরিকল্পনার গুরুত্ব শুধু পর্যটন বা সাধারণ যাতায়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিলিগুড়ি করিডর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

চিকেনস নেকের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনায় নতুন করে গুরুত্ব পাচ্ছে উত্তরবঙ্গ। তবে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে ১০ নম্বর জাতীয় সড়কের উপর নির্ভরতা কতটা কমবে, আর পাহাড়ের যাতায়াত ব্যবস্থায় কতটা পরিবর্তন আসবে, তা নজরে থাকবে আগামী দিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *