আসানসোলের হিরাপুর থানা এলাকার ইসমাইল সংলগ্ন চত্বরে ফের গুলির শব্দ এবং তার জেরে এক অভিযুক্তের ডান পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বর্ধমান ও পশ্চিম বর্ধমানের রাজনৈতিক মহল। সাইবার প্রতারণা মামলায় অভিযুক্ত প্রতাপ দাসকে পায়ে গুলি করে পাকড়াও করার ঘটনায় একদিকে যেমন ‘মুসাফির’ নামের এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে খুনের সুপারি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে ‘বাহবা কুড়োতে’ এনকাউন্টার করার বিস্ফোরক দাবি করেছেন প্রতাপের স্ত্রী ও মা।
ঘটনার সূত্রপাত একটি সাইবার প্রতারণা মামলাকে ঘিরে। ওই মামলায় দীর্ঘদিন ধরেই প্রতাপ দাসকে খুঁজছিল পুলিশ। সূত্রের খবর, গত বুধবার আসানসোলের হিরাপুর থানার ইসমাইল এলাকায় প্রতাপকে ঘিরে ফেলা হলেও তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান বলে অভিযোগ। এরপর শুক্রবার ফের সেই ইসমাইল এলাকা থেকেই তাঁকে ধরতে অভিযান চালানো হয়। অভিযোগ, এদিনও পুলিশকে লক্ষ্য করে গুলি চালান প্রতাপ এবং পাল্টা গুলিতে তাঁর ডান পায়ে গুলি লাগে। রক্তাক্ত ও জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে তাঁকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আদালতে পেশ করবে বলে খবর।
তবে হাসপাতালে যাওয়ার পথে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রতাপ দাস যে বক্তব্য দিয়েছেন, তাতে নতুন করে রহস্য দানা বেঁধেছে। তাঁর দাবি, ‘মুসাফির’ নামে এক ব্যক্তি তাঁকে লোক মারার সুপারি দিয়েছিলেন, কিন্তু তিনি সেই কাজ না করায় তাঁকে ফাঁসানো হয়েছে। যদিও কে এই মুসাফির এবং আদৌ এমন কোনো ব্যক্তির অস্তিত্ব বা যোগাযোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়, পুরো বিষয়টিই তদন্তসাপেক্ষ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন প্রতাপ দাসের স্ত্রী নীতু দেবী ও মা রঞ্জনা দাস। নীতু দেবীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর ননদের ফোনে যোগাযোগ করেছিলেন প্রতাপ এবং স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি পুলিশের হাতে নয়, বরং আদালতে আত্মসমর্পণ করবেন। শুক্রবার সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করতেই যাচ্ছিলেন বলে দাবি তাঁর স্ত্রীর। কিন্তু তার আগেই এনকাউন্টার করে পুলিশ সরকার ও প্রশাসনের কাছে ‘ভালো হতে’ ও বাহবা নিতে চেয়েছে বলে তোপ দেগেছেন তিনি। এমনকি পুলিশের হাতে থাকা ভয়েস রেকর্ডিং আদালতে জমা দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন প্রতাপের স্ত্রী। প্রতাপের মা রঞ্জনা দাসও মেনে নিয়েছেন যে অতীতে তাঁর ছেলে অপরাধ করেছে এবং শাস্তিও পেয়েছে, কিন্তু গত দুই বছর ধরে সে ভালো হতে চাইছিল। তাঁর অভিযোগ, ‘প্রভাবশালীরা’ এবং পুলিশ মিলে তাঁকে ভালো থাকতে দিচ্ছে না।
আসানসোলের এই এনকাউন্টার কাণ্ডে পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় খানিকটা অস্বস্তিতে পড়েছে শাসক দল বিজেপি!
যদিও পুলিশের দাবি, অভিযুক্ত পাল্টা গুলি চালানোতেই আত্মরক্ষার্থে ও অপরাধীকে ধরতে গুলি চালানো হয়েছে।
সব মিলিয়ে, একদিকে ‘সুপারি’ ও ফাঁসানোর তত্ত্ব, অন্যদিকে আত্মসমর্পণের আগেই গুলিবর্ষণের অভিযোগ—প্রতাপ দাসের এনকাউন্টার ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা কাটতে এখন তদন্তের দিকেই তাকিয়ে প্রতাপের পরিবার থেকে শুরু করে জেলার রাজনৈতিক মহল।
