দেশের সুরক্ষার পর এবার দেশের মানুষের আস্থার সুরক্ষার দায়িত্ব! ভারতীয় বায়ু সেনার এই অফিসারই সামলাবেন অযোধ্যার দায়িত্ব !

ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের কড়া সুশাসন সামলানোর পর, এবার অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের দায়িত্বে এলেন এক দুর্ধর্ষ প্রাক্তন ভারতীয় সেনা কর্মকর্তা! ‘অপারেশন সিঁদুর’-এর সময় আকাশসীমা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রাক্তন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রকে বুধবার রাম মন্দির ট্রাস্টের প্রথম স্থায়ী চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও (CEO) হিসেবে নিযুক্ত করা হলো।

কিন্তু কে এই জিতেন্দ্র মিশ্র? তাঁর চার দশকের সার্ভিস রেকর্ডের দিকে তাকালেই বোঝা যায়— কেন মন্দির ট্রাস্টের মতো এত বড় দায়িত্বের জন্য বেছে নেওয়া হলো তাঁকে! ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ফাইটার পাইলট হিসেবে ভারতীয় বায়ুসেনায় যাত্রা শুরু করেন জিতেন্দ্র মিশ্র। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও বীরত্বের সাথে কাজ করে স্কোয়াড্রন লিডার, উইং কমান্ডার, গ্রুপ ক্যাপ্টেন থেকে শুরু করে ২০২৩ সালের জানুয়ারিতে এয়ার মার্শাল পদে উন্নীত হন তিনি। এমনকি ২০২৫ সালের ১ জানুয়ারি বায়ুসেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংগ্রমে পারদর্শিতা ও অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন ‘সর্বোত্তম যুদ্ধ সেবা মেডেল’, ‘অতি বিশিষ্ট সেবা মেডেল’ এবং ‘বিশিষ্ট সেবা মেডেল’!

চলতি বছরের ৩০ এপ্রিল অর্থাৎ ২০২৬ সালের ৩০ এপ্রিল দীর্ঘ ও গৌরবময় কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরেই রাম মন্দির ট্রাস্টের এই নতুন প্রশাসনিক পদভার তাঁর ওপর ন্যস্ত করা হলো। অযোধ্যার রাম মন্দির চালনার ক্ষেত্রে এবার থেকে প্রশাসনিক শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা এবং বিশ্বের কোণায় কোণায় থেকে আসা কোটি কোটি ভক্তদের সুরক্ষামূলক সমস্ত ব্যবস্থার তদারকি করবেন তিনি।

প্রাথমিকভাবে তিন বছরের মেয়াদে এই দায়িত্বে নিযুক্ত হয়েছেন তিনি এবং নিয়ম অনুযায়ী এই মেয়াদে তাঁকে সশরীরে অযোধ্যাতেই বসবাস করতে হবে। বায়ুসেনার কঠোর শৃঙ্খলা ও প্রশাসনিক দক্ষতার হাত ধরে অযোধ্যার রাম মন্দির পরিচালনা যে এক নতুন ও বিশ্বমানের মাত্রা পেতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *