রাজ্যে হকার উচ্ছেদ নিয়ে চলমান বিতর্কের মাঝেই হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্যোগে এবার জাতীয় স্তরে বড়সড় স্বীকৃতি পেতে চলেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের ‘পিএম স্বনিধি’ বা ‘PM SVANidhi’ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জাতীয় পুরস্কারের তালিকায় জায়গা করে নিয়েছে রাজ্য সরকার এবং একইসঙ্গে সম্মানিত হতে চলেছে দুর্গাপুর পুরনিগম। আগামী ২০ নভেম্বর নয়াদিল্লির ড. আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘স্বনিধি সম্মান অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।
কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের তরফে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, পিএম স্বনিধি প্রকল্প বাস্তবায়নে পশ্চিমবঙ্গ সরকার এবং দুর্গাপুর পুরনিগম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের নিষ্ঠা এবং সহযোগিতার প্রশংসা করেই তাদের এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্য বিভাগে এই প্রথমবার পশ্চিমবঙ্গ এই জাতীয় সম্মান পেতে চলেছে এবং নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর ও সুডা-র জন্য এটি তৃতীয় ও চতুর্থ জাতীয় পুরস্কার।
আগামী ২০ নভেম্বর সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাজ্য ও বিভিন্ন পুরসভা মিলিয়ে ১০ সদস্যের একটি প্রতিনিধিদলকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
তবে এই জাতীয় পুরস্কারের খবরের পাশাপাশি রাজ্যে হকার উচ্ছেদ নিয়ে তৈরি হওয়া বিতর্কও নতুন করে আলোচনায় উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কলকাতার নিউ মার্কেট-সহ বিভিন্ন এলাকার ফুটপাত, রাস্তা এবং রেলস্টেশন চত্বর থেকে বেআইনি দখল সরানোর অভিযান শুরু হয়। বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করেই হকারদের জীবিকা বিপন্ন করা হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হয় বিরোধী দল তৃণমূল কংগ্রেস। এমনকি আন্তর্জাতিক হকার দিবসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন এবং পথে নেমে আন্দোলন করেছিলেন। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টেও একাধিক মামলা দায়ের হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, উচ্ছেদ বিতর্কের আবহে কেন্দ্রের এই প্রকল্পে বাংলার সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২০২০ সালের জুন মাসে চালু হওয়া পিএম স্বনিধি প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাস্তার হকারদের জামানত ছাড়াই ব্যবসার জন্য ঋণ প্রদান করা, যেখানে বর্তমানে ১৫ হাজার, ২৫ হাজার এবং ৫০ হাজার টাকার তিনটি ধাপে ঋণ ও নিয়মিত পরিশোধে সুদের ভর্তুকি পাওয়া যায়। একদিকে দখলমুক্ত করার অভিযান ঘিরে বিরোধীদের প্রতিবাদ, আর অন্যদিকে হকারদের স্বনির্ভরতায় জাতীয় পুরস্কার— এই দুই বিপরীত ছবিকে ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি।
