জুনপুটে বাংলার নতুন ‘মিসাইল টেস্টিং জোন’! DRDO-র প্রস্তাবে সবুজ সংকেত, বদলাবে কি পূর্ব মেদিনীপুরের অর্থনীতি?

পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জুনপুট এলাকায় ক্ষেপণাস্ত্র, রকেট এবং বিভিন্ন প্রতিরক্ষা অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য একটি টেস্টিং রেঞ্জ তৈরির পরিকল্পনা রয়েছে। এই প্রস্তাব দিয়েছে দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা—DRDO। জানা যাচ্ছে, জুনপুটে এই ধরনের একটি পরিকাঠামো তৈরির প্রস্তাব রাজ্য সরকারের কাছে ২০২৪ সালেই পাঠানো হয়েছিল। তবে সেই সময় প্রকল্পটি এগোয়নি। এবার রাজ্য সরকারের তরফে সেই প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার সল্টলেকে একটি অনুষ্ঠানে গিয়ে দাবি করেন, DRDO-এর প্রস্তাবের কথা জানার পরই তিনি প্রকল্পে সম্মতি দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কিন্তু টেস্টিং রেঞ্জ আসলে কী? নতুন কোনও ক্ষেপণাস্ত্র, রকেট বা প্রতিরক্ষা অস্ত্র তৈরি করলেই সেটিকে সরাসরি ব্যবহার করা যায় না।
তার আগে একাধিক পরীক্ষা করতে হয় অস্ত্রটি কত দূর যেতে পারে, তার গতি কত, নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার ক্ষমতা কেমন, উৎক্ষেপণের পর তার গতিপথ ঠিক থাকছে কি না এই সমস্ত বিষয় পরীক্ষা করা হয়। আর এই পরীক্ষার জন্য দরকার হয় নির্দিষ্ট, নিয়ন্ত্রিত এবং তুলনামূলকভাবে জনবসতি থেকে দূরে থাকা এলাকা।

সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় পরীক্ষামূলক উৎক্ষেপণের গতিপথ সমুদ্রের দিকে নির্ধারণ করা যায়। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মিসাইল টেস্টিং পরিকাঠামো রয়েছে ওড়িশার চাঁদিপুরে। DRDO-এর Integrated Test Range বা ITR দীর্ঘদিন ধরেই বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার সেই ধরনের আরও একটি পরিকাঠামো পশ্চিমবঙ্গে তৈরি করার পরিকল্পনা সামনে এসেছে।

জুনপুট পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা। সমুদ্রের কাছে অবস্থান এবং পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় ভৌগোলিক সুবিধার কারণেই এই অঞ্চলকে বিবেচনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। জুনপুটের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে জুনপুটে DRDO-এর টেস্টিং রেঞ্জের প্রস্তাব বাস্তবায়িত হলে এটি শুধু পূর্ব মেদিনীপুরের জন্য নয়, পশ্চিমবঙ্গের প্রতিরক্ষা পরিকাঠামোর ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *