'Bhaijaan' stands by Delhi's student protesters!

দিল্লির ছাত্র আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন ‘ভাইজান’!

দিল্লির যন্তর মন্তরে চলতে থাকা NEET-UG ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন এবার বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সলমন খানের সমর্থনে অন্য মাত্রা পেল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক দীর্ঘ বার্তায় আন্দোলনরত পড়ুয়াদের সাহস, ধৈর্য এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার মানসিকতার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আবেদনও জানান অভিনেতা।
দিল্লিতে কয়েকদিন ধরেই প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা প্রক্রিয়ায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। ককরোজ জনতা পার্টির-র আহ্বানে শুরু হওয়া এই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী অংশ নিয়েছেন। আন্দোলনের অন্যতম দাবি, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা, প্রশ্নফাঁস রোধে কঠোর আইন প্রণয়ন এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ।
এই আবহেই বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সলমন খান লেখেন, দেশের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে যে তরুণ-তরুণীরা সৎ ও শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরছেন, তাঁদের সাহস সত্যিই প্রশংসার যোগ্য। তাঁর মতে, শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ অবস্থান আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও উল্লেখ করেন অভিনেতা। সেই ঘটনায় আহত ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি আশা করেন, দ্রুত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হবে। কোনও দাবি আদায়ের পথে সহিংসতা বা সংঘর্ষ কাম্য নয় বলেও তাঁর বার্তায় ইঙ্গিত মেলে।
সলমন খান আরও বলেন, এই আন্দোলনের মূল বিষয় শিক্ষা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ। তাই কোনও রাজনৈতিক দল বা সংগঠনের উচিত নয় এই আন্দোলনকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা। তাঁর বক্তব্য, শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে গড়ে ওঠা এই আন্দোলনের মর্যাদা বজায় রাখা জরুরি এবং বিষয়টিকে শুধুমাত্র শিক্ষার পরিসরেই সীমাবদ্ধ রাখা উচিত।
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সরকার আন্দোলনকারীদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাঁর বিশ্বাস, উন্নত, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলে ভারত ভবিষ্যতে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পাবে।
উল্লেখ্য, NEET-UG ২০২৬ পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। দিল্লির যন্তর মন্তর সেই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের দাবি, ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম আর না ঘটে, তার জন্য কড়া আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শুধু সলমন খান নন, এই আন্দোলনের প্রতি ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন বলিউডের আরও একাধিক পরিচিত মুখ। সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, দুলকার সালমান, পূজা ভাট, ইমতিয়াজ আলি, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং প্রকাশ রাজ-সহ বহু তারকা প্রকাশ্যে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁদের এই অবস্থান আন্দোলনকে জাতীয় স্তরে আরও বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিকে নতুন মাত্রা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *