বিয়ের বিষয়টা মোটের উপর গোপনই রেখেছিলেন বর-কনে উভয়েই। একেবারে ব্যাক্তিগত পরিসরে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। তবে রবিবার দুপুরেই সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় গায়ে হলুদের ছবি। হলুদ পাঞ্জাবিতে সেজেছিলেন শঙ্কুদেব। স্বর্ণালীর পরনে ছিল হলুদ শাড়ি। সেই সঙ্গে মানানসই ফুলের গয়না ও সানগ্লাস।বিয়েতে ছিল ষোলোআনা বাঙালিয়ানার ছোঁয়া। কনের সাজে নজর কেড়েছেন সাংবাদিক স্বর্ণালী। তাঁর পরনে লাল বেনারসি। সঙ্গে ভারী সোনার গয়না। গলায় গোলাপের মালা। শঙ্কুর পরনে ছিল ম্যাচিং লাল পাঞ্জাবি। নবদম্পতিকে আশীর্বাদে ভরিয়েছেন সকলে।
এতদিন অন্যের খবরকে শিরোনামে তুলে ধরাই ছিল তাঁর পেশা, তাঁর দায়িত্ব। ক্যামেরার সামনে থেকে মানুষের গল্প বলাই ছিল তাঁর পরিচয়। কিন্তু আজ গল্পটা একেবারেই অন্যরকম। আজ তিনি নিজেই খবরের শিরোনাম। দীর্ঘ প্রতীক্ষা, ব্যস্ত পেশাজীবন আর অসংখ্য স্মৃতির পথ পেরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন সাংবাদিক স্বর্ণালী সরকার। কর্মজীবনের দৃঢ়তা আর ব্যক্তিগত জীবনের আবেগ আজ এক সুতোয় বাঁধা পড়ল। শুভেচ্ছা, ভালোবাসা আর নতুন স্বপ্নকে সঙ্গী করে শুরু হল তাঁর নতুন পথচলা যেখানে সংবাদ নয়, জীবনের সবচেয়ে সুন্দর গল্পটি লিখবেন তিনি নিজেই।
বিয়ের আসরে বাঙালি ঐতিহ্যের ষোলোআনা ছোঁয়া ছিল স্পষ্ট। বর শঙ্কুদেবের পরনে ছিল টুকটুকে লাল রঙের ধুতি-পাঞ্জাবি আর কনে স্বর্ণালী সেজেছিলেন লাল বেনারসি আর সোনার গয়নায়। শুধু মূল অনুষ্ঠানই নয়, বিয়ের আগের গায়েহলুদের পর্বেও ছিল রঙের বাহার। সেখানে কাঁচা হলুদ রঙের ধুতি-পাঞ্জাবিতে দেখা গেছে শঙ্কুদেবকে এবং স্বর্ণালী সেজেছিলেন হলুদ শাড়ি আর ফুলের গয়নায়।
শঙ্কুদেব ও স্বর্ণালী সম্পর্কে জড়িয়েছেন, এ গুঞ্জন দীর্ঘদিনের। তবে কারও তরফেই কখনও এনিয়ে কিছু খোলসা করা হয়নি। দুজনেই বরাবর নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত। রাজনীতির পাশাপাশি পরিচালনার কাজও করছেন শঙ্কুদেব। সম্প্রতি তিনি জানিয়েছেন আগামী ছবির কথা। সেখানে আর জি করের এমন কিছু তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন, তা কেউ জানেন না। আগষ্ট থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। তার আগেই ব্যক্তিগত জীবনের নয়া ইনিংস শুরু করলেন শঙ্কু।
এদিকে সাংবাদিকতা নিয়ে ব্যস্ত কনে স্বর্ণালী। তিনি দুই সন্তানের মা-ও বটে। আগেই তিনি জানিয়েছিলেন সিঙ্গল মাদার হওয়ার সিদ্ধান্তের কথা। গতবছর তাঁর কোল আলো করে আসে দুই কন্যা। তাদের নিয়ে ভরা সংসার স্বর্ণালীর। এবার পরিবারে নতুন সদস্য।