এ বছর বেলুড় মঠে অষ্টমীর কুমারী পুজো কখন হবে জানেন? কোন সময়ে শুরু হবে পুজো, কখন সন্ধিপুজো? জেনে নিন ২০২৬- দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট।

দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, আর সেই আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একাধিক ঐতিহ্যবাহী পুজোর মধ্যে অন্যতম বেলুড় মঠের দুর্গাপুজো। আড়ম্বরের চেয়ে নিষ্ঠা, নিয়ম আর ভক্তিকেই যেখানে দেওয়া হয় সবচেয়ে বেশি গুরুত্ব। প্রতি বছরই এই পুজো দেখতে দেশ-বিদেশের বহু ভক্তের সমাগম হয়। আর এবারও প্রকাশ্যে এল বেলুড় মঠের দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট।

তবে বেলুড় মঠের দুর্গাপুজোর অন্যতম বড় আকর্ষণ—কুমারী পুজো। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, ২০২৬ সালে মহাষ্টমীর কুমারী পুজো কখন?

এবার সেই অপেক্ষার অবসান। বেলুড় মঠের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমীর দিন সকাল ৯টায় হবে কুমারী পুজো। তার আগে ভোর সাড়ে ৫টা থেকে শুরু হবে অষ্টমীর পুজো। অর্থাৎ ভোর থেকেই বেলুড় মঠে শুরু হয়ে যাবে মহাষ্টমীর বিশেষ আয়োজন।

আর শুধু কুমারী পুজো নয়, অষ্টমীর দিন রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আচার—সন্ধিপুজো। সূচি অনুযায়ী, সকাল ১০টা ২৮ মিনিট থেকে ১১টা ১৬ মিনিট পর্যন্ত হবে সন্ধিপুজো।

এবার একটু পিছিয়ে যাওয়া যাক সপ্তমীর দিনে।

১৮ অক্টোবর, রবিবার সপ্তমীর পুজো শুরু হবে ভোর সাড়ে ৫টায়। অর্থাৎ সপ্তমী থেকেই বেলুড় মঠে শুরু হয়ে যাবে দুর্গাপুজোর মূল পর্ব।

এরপর ১৯ অক্টোবর মহাষ্টমী। আর এই দিনেই রয়েছে কুমারী পুজোর বিশেষ আয়োজন। বছরের এই একটি দিন ঘিরে বহু ভক্তের আলাদা আগ্রহ থাকে। বেলুড় মঠের এই ঐতিহ্যবাহী কুমারী পুজো দেখতে প্রতি বছরই বহু মানুষ অপেক্ষা করে থাকেন।

কিন্তু এই ঐতিহ্যের শুরুটা কীভাবে?

বেলুড় মঠে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। ১৯০১ সালে প্রথমবার সেখানে দুর্গাপুজোর আয়োজন হয়। সেই বছর তিনি ৯ জন কুমারী কন্যার পুজো করেছিলেন। পরবর্তী সময়ে ১৯০২ থেকে ১৯১১ সাল পর্যন্ত বেলুড় মঠে প্রতিমা পুজো হয়নি, ঘটেই পুজো হয়েছিল। এরপর ১৯১২ সাল থেকে ফের প্রতিমা পুজো শুরু হয়।

এবার আসা যাক নবমীর সূচিতে।

২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমীর পুজোও শুরু হবে ভোর সাড়ে ৫টায়। দুর্গার ভোগ আরতির পরে হবে হোম। আর শুধু অষ্টমী বা নবমী নয়, বেলুড় মঠের সূচি অনুযায়ী প্রতিদিনই ভোগ আরতির পরে হবে পুষ্পাঞ্জলি।

সন্ধ্যার সময়ও থাকছে বিশেষ আয়োজন। রামকৃষ্ণের আরতির পরেই হবে দুর্গার আরতি।

অর্থাৎ ১৮ অক্টোবর সপ্তমী থেকে ২০ অক্টোবর মহানবমী—তিন দিনই নির্দিষ্ট তিথি ও সময় মেনে হবে দুর্গাপুজোর বিভিন্ন আচার।

আর বেলুড় মঠের এই পুজোর বিশেষত্বই হল, জাঁকজমকের চেয়ে নিয়ম, নিষ্ঠা এবং আধ্যাত্মিক পরিবেশকে গুরুত্ব দেওয়া। সেই ঐতিহ্য মেনেই এবারও হবে দুর্গাপুজো।

তাই আপনি যদি বেলুড় মঠে মহাষ্টমীর কুমারী পুজো দেখতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে মনে রাখুন—১৯ অক্টোবর সকাল ৯টা, কুমারী পুজোর সময়। আর অষ্টমীর পুজো শুরু হবে তারও আগে, ভোর সাড়ে ৫টায়।

পুজোর দিন যত এগিয়ে আসবে, বেলুড় মঠে ভক্তদের অপেক্ষাও তত বাড়বে। আর সেই অপেক্ষার কেন্দ্রে এবারও থাকছে মহাষ্টমীর কুমারী পুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *