বিধানসভায় সংখ্যার জোর থাকলেই কি পাওয়া যায় বিরোধী দলনেতার পদ?৫৮ জন বিধায়কের সমর্থন নিয়ে বিরোধী দলনেতার আসনে বসেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

বেশি সংখ্যক বিধায়কের সমর্থন থাকলেই কি বিরোধী দলনেতার পদ পাওয়া যায়? বাংলার রাজনীতিতে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে এই প্রশ্নই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙন, একের পর এক বিধায়কের শিবির বদল এবং ৫৮ জন বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা হওয়া সব মিলিয়ে তৈরি হয়েছিল নজিরবিহীন পরিস্থিতি। কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ে সেই নিয়োগ বাতিল হতেই সামনে এসেছে একাধিক আইনি প্রশ্ন। সংখ্যার জোর, নাকি দলের সাংগঠনিক অনুমোদন বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্বপূর্ণ?

 

প্রথমেই বুঝে নেওয়া দরকার, পরিষদীয় দল বা Legislature Party আসলে কী? কোনও রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত বিধায়কদের নিয়ে বিধানসভার ভিতরে যে গোষ্ঠী তৈরি হয়, তাকেই বলা হয় পরিষদীয় দল। যেমন, তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়ক নির্বাচিত হলে তাঁদের নিয়েই তৈরি হয় দলের পরিষদীয় দল। এই পরিষদীয় দলের নেতা, চিফ হুইপ-সহ গুরুত্বপূর্ণ পদগুলির নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও দলীয় অনুমোদনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এবার প্রশ্ন হল, বিধানসভায় কোনও দলের পরিষদীয় দলনেতা এবং চিফ হুইপ কে ঠিক করবেন? এই বিষয়ে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় রয়েছে। শীর্ষ আদালতের বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক দলের সংবিধান ও নিয়ম মেনেই পরিষদীয় দলনেতা এবং চিফ হুইপ নিয়োগের বিষয়টি নির্ধারিত হওয়া উচিত। স্পিকারকেও সেই দলীয় নিয়ম ও অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখতে হবে। অর্থাৎ, বিধায়কদের একটি গোষ্ঠী নিজেদের সংখ্যাগরিষ্ঠতার দাবি করলেই তারা স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধি হয়ে যায় না।

 

তৃণমূলের ক্ষেত্রেও ঠিক এই প্রশ্নটিই সামনে এসেছে। ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন আলাদা অবস্থান নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন। সেই সমর্থনের ভিত্তিতেই স্পিকারের অনুমোদনে তিনি বিরোধী দলনেতার পদে বসেন। কিন্তু প্রশ্ন হল, ওই ৫৮ জনের সিদ্ধান্তকেই কি তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বলে ধরে নেওয়া যায়? দলের সাংগঠনিক নেতৃত্ব যদি অন্য কাউকে পরিষদীয় দলনেতা হিসেবে অনুমোদন করে, তাহলে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থনের গুরুত্ব কতটা? কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এই বিষয়টিই বিশেষ গুরুত্ব পেয়েছে। আদালতের মতে, স্পিকারের উচিত ছিল তৃণমূলের দলীয় সংবিধান ও সাংগঠনিক নিয়ম খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া।

 

এর পাশাপাশি সামনে এসেছে ১০ শতাংশের নিয়ম। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪। বিধানসভার বৈঠক পরিচালনার জন্য সংবিধানের ১৮৯(৩) অনুচ্ছেদ অনুযায়ী কোরাম বা ন্যূনতম সদস্যসংখ্যা নির্ধারিত রয়েছে মোট সদস্যের এক-দশমাংশ। সেই হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় কোরামের জন্য প্রয়োজন ৩০ জন সদস্য। এই নিয়মের যুক্তি তুলে ধরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আদালতে বলা হয়েছিল, তাঁর পাশে ৫৮ জন বিধায়ক রয়েছেন। ফলে ন্যূনতম সদস্যসংখ্যার শর্ত পূরণ হচ্ছে।
তবে আদালত এই যুক্তিকে বিরোধী দলনেতা নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত বলে মেনে নেয়নি। কারণ কোরামের জন্য নির্ধারিত ন্যূনতম সদস্যসংখ্যা আর কোনও রাজনৈতিক দলের অনুমোদিত পরিষদীয় নেতৃত্ব দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। আদালতের বক্তব্য, শুধু ৫৮ জন বিধায়কের সমর্থন থাকলেই তাঁদের সিদ্ধান্তকে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বলে ধরে নেওয়া যায় না। তার জন্য রাজনৈতিক দলের সাংগঠনিক অবস্থান, সংবিধান এবং অনুমোদনের বিষয়টিও বিবেচনা করতে হবে। আদালত আরও উল্লেখ করেছে, স্পিকার ৩ জুনের নির্দেশিকায় ১০ শতাংশের এই যুক্তির কথা উল্লেখ করেননি। পরবর্তী সময়ে আদালতে এই যুক্তি তুলে ধরা হয়।

কলকাতা হাইকোর্টের রায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়েছে বিধানসভায় সংখ্যার জোর থাকলেই কোনও গোষ্ঠী রাজনৈতিক দলের আনুষ্ঠানিক প্রতিনিধি হয়ে যায় না। বিরোধী দলনেতার পদ নির্ধারণের ক্ষেত্রে শুধু কতজন বিধায়ক পাশে রয়েছেন, সেটাই শেষ কথা নয়। রাজনৈতিক দলের নিজস্ব সংবিধান, সাংগঠনিক অনুমোদন এবং বিধানসভার নিয়মও সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ, বিধায়কের সংখ্যা বড় হতে পারে, কিন্তু সেই সংখ্যার পিছনে দলের আনুষ্ঠানিক স্বীকৃতি রয়েছে কি না, সেটাই শেষ পর্যন্ত নির্ধারণ করতে পারে বিরোধী দলনেতার পদে কার অধিকার প্রতিষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *