নতুন বছরের শুরুতেই কলকাতার জন্য আসতে পারে বড় সুখবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কি চালু হতে চলেছে সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা? নবান্ন সূত্রে খবর, জানুয়ারি মাসে দু’বার কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ঠিকঠাক থাকলে ৭ অথবা ২৭ জানুয়ারি, এই দু’দিনের মধ্যে যে কোনও একদিন তাঁর হাত ধরেই বহু প্রতীক্ষিত এই মেট্রো রুটের উদ্বোধন হতে পারে। আর সেই অপেক্ষাতেই এখন দিন গুনছেন শহরবাসী।
জানা গিয়েছে, ৭ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে প্রবাসী বাঙালিদের সম্মেলন। সেই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর। অন্যদিকে, ২৭ জানুয়ারি কলকাতায় বসতে চলেছে গ্লোবাল এনার্জি সামিট। এই সম্মেলনে প্রায় ৮০টি দেশের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা। ফলে জানুয়ারিতে দু’টি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কলকাতা সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। নবান্ন সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে সমন্বয় করেই উদ্বোধনের দিন চূড়ান্ত করা হতে পারে।
এই মেট্রো উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে আলোচনা হয়েছে। গত সপ্তাহে দিল্লিতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকার চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই এই মেট্রো রুটের উদ্বোধন হোক। তাঁর বক্তব্য, ২০১৪ সাল থেকে কলকাতা মেট্রোর সম্প্রসারণের জন্য ধাপে ধাপে ১০ হাজার কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। তাই প্রধানমন্ত্রীর হাত ধরেই এই পরিষেবা চালু করতে চায় রাজ্য সরকার।
তবে এই মেট্রো প্রকল্পের কাজ শেষ করতে কম বাধার মুখে পড়তে হয়নি। বিশেষ করে চিংড়িঘাটা এলাকায় জমি ও পরিকাঠামোগত জটিলতার কারণে দীর্ঘদিন আটকে ছিল কাজ। একাধিক মামলা-মোকদ্দমার পরেও সেই সমস্যা কাটানো সম্ভব হয়নি। ফলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলেও সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল শুরু করা যায়নি। যাত্রীদেরও দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পরিষেবার কারণে সমস্যায় পড়তে হয়েছে। চিংড়িঘাটার ওই অংশে কাজ শেষ না হওয়ায় সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু করা যাচ্ছিল না।
এরপর মে মাসে সরকার পরিবর্তনের পর চিংড়িঘাটার জট কাটানোর উদ্যোগ নেওয়া হয়। ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার ঠিক এক সপ্তাহের মধ্যেই মেট্রো কর্তৃপক্ষ মাত্র ১২০ ঘণ্টার মধ্যে চিংড়িঘাটা অংশের গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলে। প্রথম দফায় ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত ৬০ ঘণ্টার কাজ চলে। সেই সময় ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মধ্যে ২৮ মিটার দীর্ঘ একটি ভায়াডাক্ট বসানো হয়। এরপর এক সপ্তাহের বিরতি নিয়ে ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত দ্বিতীয় দফার কাজ চলে। এই পর্যায়ে ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৩৪ মিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানো হয়। দু’দফায় মোট ৬২ মিটার ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হয়।
চিংড়িঘাটার বাধা কাটতেই এবার মেট্রো পরিষেবা সম্পূর্ণ করার পথে আর কোনও বড় বাধা নেই বলেই মনে করা হচ্ছে। গত সাত মাসে বাকি কাজ শেষ করার পাশাপাশি রুটে ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। ফলে এখন উদ্বোধনের অপেক্ষা। এর আগে শোনা গিয়েছিল, নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের সময়ই এই মেট্রো রুটের উদ্বোধন হতে পারে। কিন্তু গত ২১ নভেম্বর প্রধানমন্ত্রী রাজ্যে এলেও তাঁর কর্মসূচি সীমাবদ্ধ ছিল খড়্গপুর আইআইটিতে। ফলে সেই সময় উদ্বোধন হয়নি। এবার জানুয়ারিতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন কলকাতাবাসী।
এই মেট্রো রুট সম্পূর্ণ চালু হলে কয়েক হাজার নিত্যযাত্রীর যাতায়াত অনেকটাই সহজ হয়ে যাবে। বিশেষ করে সেক্টর ফাইভের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কর্মরত কর্মীদের জন্য এটি হতে পারে বড় স্বস্তি। প্রতিদিন অফিসের সময়ে ইএম বাইপাসে যে ভয়াবহ যানজট তৈরি হয়, তার চাপও অনেকটা কমতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বাস, অটো কিংবা ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরতা কমিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছনোর সুযোগ পাবেন যাত্রীরা। সব মিলিয়ে, জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কলকাতা সফরের সঙ্গে জুড়ে গিয়েছে শহরের বহু প্রতীক্ষিত এক স্বপ্ন। এখন দেখার, ৭ জানুয়ারি নাকি ২৭ জানুয়ারি কোন দিন কলকাতার মেট্রো মানচিত্রে যুক্ত হয় নতুন অধ্যায়।
