মুখ্যমন্ত্রীর সামনে বক্তব্য রাখার সুযোগ পাননি! আর তারপরই কি রাগে ফেটে পড়লেন কংগ্রেস বিধায়ক? মুখ্যমন্ত্রী অনুষ্ঠানস্থল ছেড়ে যেতেই মেলার মঞ্চে ভাঙচুরের অভিযোগ! উত্তরাখণ্ডে ঐতিহ্যবাহী জৌলজিবি মেলাকে কেন্দ্র করে এবার চরম রাজনৈতিক উত্তেজনা। অভিযোগের কেন্দ্রে কংগ্রেস বিধায়ক হরিশ ধামি এবং তাঁর অনুগামীরা। ঘটনাটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকার।
এখানেই প্রতিবছর বসে ঐতিহ্যবাহী জৌলজিবি মেলা। ভারত, নেপাল এবং তিব্বতের ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্কের অন্যতম প্রতীক এই মেলা। শনিবার সকালেই ১০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কিন্তু মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষ হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মেলা কমিটির চেয়ারম্যান তথা ধারচুলার কংগ্রেস বিধায়ক হরিশ ধামিকে মঞ্চে বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয়নি। আর এতেই ক্ষুব্ধ হন বিধায়ক ও তাঁর অনুগামীরা।
কংগ্রেসের অভিযোগ, মেলা কমিটির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। এমনকি এলাকার সাধারণ মানুষের দাবি-দাওয়া এবং সমস্যার কথাও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার সুযোগ পাননি তিনি। এরপর মুখ্যমন্ত্রী অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতেই মঞ্চে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কর্মীরা। মেলার উদ্বোধনী মঞ্চ ভাঙচুরের অভিযোগও ওঠে বিধায়ক হরিশ ধামি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন কংগ্রেস বিধায়ক হরিশ ধামি। তাঁর দাবি, রাজ্যের বিজেপি সরকার বিরোধীদের ভয় পাচ্ছে।
বিধায়কের অভিযোগ, মেলা কমিটির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। স্থানীয় মানুষের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার সুযোগও দেওয়া হয়নি। এমনকি রাজ্যে দুর্নীতি চলছে বলেও সরব হন তিনি। হরিশ ধামির বক্তব্য, মুখ্যমন্ত্রী বিরোধীদের কথা শুনতে চান না বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখানেই শেষ নয়! পিথোরাগড়ের আরও এক কংগ্রেস বিধায়ক ময়ূখ সিং মাহারকে আমন্ত্রণ না জানানো নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি মুকেশ পন্থ প্রশাসনের বিরুদ্ধে প্রোটোকল ভাঙার অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, জেলার একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে আমন্ত্রণ না জানিয়ে সরকার রাজনৈতিক সৌজন্যবোধের পরিচয় দেয়নি।
ধারচুলা থানার স্টেশন হাউস অফিসার এ কে সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ার পর এবং কর্মসূচি শেষ হওয়ার পরই এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, বিজেপি কর্মীরা এই ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত পুলিশের হাতে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। কংগ্রেস বিধায়কের আচরণের তীব্র নিন্দা করেছেন স্থানীয় বিজেপি নেতা মহেন্দ্র সিং বুদিয়াল। তাঁর দাবি, কাশীপুরে অন্য একটি কর্মসূচি থাকায় মুখ্যমন্ত্রীর সময়সূচি অত্যন্ত ব্যস্ত ছিল। সেই কারণেই জৌলজিবি মেলার উদ্বোধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত রাখা হয়েছিল।বিজেপির আরও অভিযোগ, ধারচুলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের রাজনৈতিক জমি দুর্বল হয়ে পড়ছে। আর সেই হতাশা থেকেই বিধায়ক এমন আচরণ করছেন।
তবে এই রাজনৈতিক বিতর্কের বাইরেও জৌলজিবি মেলার রয়েছে দীর্ঘ ইতিহাস।ভারত, নেপাল এবং তিব্বতের ব্যবসায়ীদের মিলনস্থল হিসেবে পরিচিত এই মেলা।
এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের হস্তশিল্প, স্থানীয় পণ্য এবং নানা সামগ্রী। এ বছর ভারত-তিব্বত সীমান্ত বাণিজ্যের মাধ্যমে আমদানি করা তিব্বতের পশমি বস্ত্রের স্টলও বসেছে। মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, এই মেলা সীমান্তবর্তী অঞ্চলের শতাব্দীপ্রাচীন বাণিজ্যিক সম্পর্ক এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। কিন্তু যে মেলাকে ঘিরে আনন্দ, সংস্কৃতি এবং ব্যবসার পরিবেশ তৈরি হওয়ার কথা, সেই মেলাই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু।
