হাতে আর কয়েক সপ্তাহ তারপরই ভোট উৎসব। উত্তরবঙ্গে ভোট গ্রহণ হবে আগামী ২৩শে এপ্রিল এবং দক্ষিণবঙ্গে আগামী ২৯শে এপ্রিল সম্পন্ন হবে ভোট পর্ব। যদিও বাংলার নির্বাচনকে বেশ গুরুত্ব সহকারেই এবার দেখছে জাতীয় নির্বাচন কমিশন। আর তা তাদের গতিবিধিতেই ধরা পড়ছে। ইতিমধ্যেই বাংলার ভোট নিয়ে নানা নিয়ম-বিধির কথা জানিয়েছে কমিশন। আর এবার শোনা যাচ্ছে ২৬-এর নির্বাচন নিয়ে আরও এক নয়া সিদ্ধান্ত নিয়েছে তারা। আর তা হল—কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভিন রাজ্য থেকেও পুলিশ আনছে নির্বাচন কমিশন। এমনকি, ভোটের কাজে কোন রাজ্য থেকে কত পুলিশ আনার পরিকল্পনা রয়েছে, তার হিসাবও সামনে এসেছে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ থেকে সবচেয়ে বেশি পুলিশ বাহিনী আসতে চলেছে। এছাড়া, অ-বিজেপিশাসিত রাজ্য থেকেও বাংলায় পুলিশ আনা হবে ভোটের কাজে লাগানোর জন্য। কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৩ই এপ্রিল পশ্চিমবঙ্গের ভোটের দায়িত্ব সামলাতে ৪৮ কোম্পানি ভিন্রাজ্যের পুলিশ উপস্থিত হবে। ওই দিন মূলত অসম, হরিয়ানা, উত্তরাখণ্ড থেকে পুলিশ আসার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অসম থেকে ২৫, হরিয়ানা থেকে ১৫ ও উত্তরাখণ্ড থেকে ৮ কোম্পানি বাহিনী আসতে চলেছে। দ্বিতীয় ধাপ তথা ১৭ই এপ্রিল ফের ভিন্রাজ্য থেকে একসঙ্গে ৩০০ কোম্পানি পুলিশ বাহিনী পশ্চিমবঙ্গে আসবে এবং আগামী ২৯শে এপ্রিল তথা পশ্চিমবঙ্গের শেষ দফার ভোটের দিন পর্যন্ত তারা বাংলাতেই থাকবে। তাদের ভোটের বিভিন্ন দায়িত্বে কমিশন কাজে লাগাবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২৬-এর বিধানসভা নির্বাচনে ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠাতে চলেছে কমিশন। যার মধ্যে ৪৮০ কোম্পানি রাজ্যে পৌঁছে গিয়েছে এবং তারা বর্তমানে টহলদারি-র কাজ ও রুট মার্চ করছে। যদিও এখনও পর্যন্ত বাংলায় শুধু কেন্দ্রীয় বাহিনী-ই এসেছে। আর এবার আগামী ১৩ই এপ্রিল রাজ্যে আসতে চলেছে ভিনরাজ্যের পুলিশ। তবে, মোট দু’দফায় রাজ্যে ৩৪৮ কোম্পানি পুলিশ আসতে চলেছে। আর প্রতি কোম্পানিতে আধিকারিক ও কর্মী মিলিয়ে কমপক্ষে ৭২ জন সদস্য থাকবেন বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে প্রায় ৪০ কোম্পানি করে পুলিশবাহিনী আসবে, যা সবথেকে বেশি। এছাড়া, মিজ়োরাম, সিকিম, ত্রিপুরা, মেঘালয় থেকে ১০ কোম্পানি করে এবং পাঞ্জাব ও নাগাল্যান্ড থেকে ২০ কোম্পানি করে পুলিশ বাহিনী বাংলায় আসবে।
এখানেই শেষ নয়, ২৮ কোম্পানি ঝাড়খণ্ড থেকে, ছত্তিশগড় থেকে ২৫, ১২ কোম্পানি অরুণাচলপ্রদেশ থেকে, ৮ কোম্পানি হিমাচলপ্রদেশ থেকে এবং মহারাষ্ট্র থেকে ৭ কোম্পানি পুলিশ বাংলার ভোট পর্ব সামলাতে আসবে। এছাড়া, গোয়া, চণ্ডীগড় ও রাজস্থান থেকে বাকি ১৫ কোম্পানি পুলিশ আসতে চলেছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি বাংলার ৩৫ কোম্পানি পুলিশ মোতায়ন করা হবে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। যার মধ্যে কলকাতা পুলিশের আধিকারিকরাও নিযুক্ত থাকবেন। যদিও এই প্রথম যে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন, তা নয়। এর আগেও এই ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। তবে,পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা রুখতেই যে কমিশন এত তৎপর হয়ে উঠেছে, তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।