পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে পূর্বতন তৃণমূল জমানার একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এনে এবার রীতিমতো শোরগোল ফেলে দিলেন স্থানীয় বিজেপি বিধায়ক সৈকত পাঁজা। সোমবার মন্তেশ্বর ব্লক অফিসে একটি সাংবাদিক বৈঠক করে তিনি সরকারি প্রকল্প থেকে শুরু করে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র, সমবায় এবং লাইব্রেরি— সর্বত্রই কোটি কোটি টাকার ‘পুকুরচুরি’-র অভিযোগ তুলেছেন। বিধায়কের দাবি, বিগত সরকারের আমলে মন্তেশ্বরে সরকারি জমি ও সম্পত্তি বেদখল করা থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাপ্য অধিকার লুটে নেওয়ার এক বিরাট চক্র সক্রিয় ছিল। এই সমস্ত অনিয়মের তথ্যপ্রমাণ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সমবায়মন্ত্রীর নজরে এনে অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
সাংবাদিক বৈঠকে আবাস যোজনার দুর্নীতি নিয়ে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন সৈকত পাঁজা। তাঁর অভিযোগ, মন্তেশ্বরে বরাদ্দ হওয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আবাস যোজনার ঘরের মধ্যে ব্যাপক অনিয়ম হয়েছে। কোথাও একই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন থেকে চারবার টাকা ঢুকেছে, আবার কোথাও পাকা বাড়ি থাকা সত্ত্বেও কিংবা গোয়ালঘর দেখিয়ে সরকারি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এমনকি প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি না করেই দ্বিতীয় কিস্তির টাকা তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। ইতিমধ্যেই আইডি-সহ এমন প্রায় সাড়ে তিনশো জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, যা আগামী পঁচিশে নভেম্বর পূর্ব বর্ধমানের জেলাশাসকের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন বিধায়ক।
শুধু আবাস যোজনাই নয়, শ্রীধরপুর কো-অপারেটিভ সোসাইটিতে গত দু-তিন বছরে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দফতরের অডিট রিপোর্টকে উদ্ধৃত করে দাবি করেছেন সৈকত পাঁজা। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে কোনো বোর্ড মিটিং বা মর্টগেজ ছাড়াই মন্তেশ্বরের বিভিন্ন হিমঘর কর্তৃপক্ষকে চব্বিশ কোটি পঁচিশ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে। এরপর ২০২৫ সালে নারায়ণ, মহামায়া এবং জয় মাকালী কোল্ড স্টোরেজকে বত্রিশ কোটি টাকা ঋণ দেওয়া হয়, যার মধ্যে একত্রিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ তিরাশি হাজার টাকাই এখনও বকেয়া। পাশাপাশি সোসাইটির পক্ষ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার সিমেন্ট কেনা হলেও তার ব্যবহারের কোনো হদিস নেই। এমনকি কালিবেলে ব্রাঞ্চের নিজস্ব সতেরোটি ফিক্সড ডিপোজিটের বাইশ লক্ষ চৌত্রিশ হাজার দুশো সাতাশি টাকা ভেঙে ফেলা হয়, আর তার কয়েকদিনের মধ্যেই গন্তারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সমবায়েরই এক কর্মীর ব্যক্তিগত অ্যাকাউন্টে বাইশ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়। বিধায়কের দাবি, কোন তারিখে কত টাকা সরানো হয়েছে তার সমস্ত প্রমাণ তাঁর হাতে রয়েছে। এছাড়া ২০২৪ সালের মার্চ মাসে সমবায়ে সাতচল্লিশ জন গ্রুপ-ডি কর্মীকে অবৈধভাবে নিয়োগের অভিযোগও তুলেছেন তিনি।
এখানেই শেষ নয়। বিধায়কের অভিযোগ অনুযায়ী, ভূমি ও ভূমি সংস্কার দফতরে প্রভাব খাটিয়ে মন্তেশ্বর ব্লকের বহু সরকারি খাস জমি বেহাত করে ব্যক্তিগত নির্মাণ করা হয়েছে, যেগুলি এবার উদ্ধার করা হবে। মন্তেশ্বর থানা সমবায়ের একটি ঘরকে তৃণমূল পার্টি অফিস বানানো হয়েছিল, সেটিও পুনরুদ্ধারের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি গত দশ-বারো বছর ধরে লাইব্রেরিতে বই কেনার সরকারি বরাদ্দের কোনো হিসেব বা পাসবই না থাকা, হাসপাতালের রোগীদের খাবার সরবরাহ এবং ডিভোর্স করানোর নাম করে কাটমানি আদায়কারীদের তালিকা তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন সৈকত পাঁজা। সমস্ত অভিযোগ পুলিশ ও প্রশাসনের কাছে জানিয়ে এফআইআর করার পাশাপাশি তাঁর স্পষ্ট হুঁশিয়ারি— দুর্নীতিতে যুক্ত সরকারি কর্মী, পঞ্চায়েত কর্মী, জনপ্রতিনিধি বা পুলিশ যেই হোন না কেন, কেউ ছাড় পাবেন না। সব মিলিয়ে, মন্তেশ্বরের এই বিস্ফোরক অভিযোগ ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।