তিনটি স্নাতকোত্তর ডিগ্রি! কেরিয়ারে উড়িয়েছেন একের পর এক শক্তিশালী যুদ্ধবিমান। প্রায় চার দশকের অভিজ্ঞতা। এবার ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে বসতে চলেছেন এই অভিজ্ঞ ফাইটার পাইলট। দেশের বায়ুসেনার পরবর্তী উপপ্রধান হিসেবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল ইন্দরপাল সিং ওয়ালিয়া। শুক্রবার, ৩০ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে তাঁর নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।
বর্তমানে ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়ালিয়া। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতের জায়গায় দায়িত্ব নেবেন তিনি। উল্লেখ্য, ৩১ অক্টোবর ভারতীয় বায়ুসেনার ২৯তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এরপরই উপপ্রধানের পদে এই রদবদল কার্যকর হবে।
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী ওয়ালিয়া ১৯৮৮ সালের ১১ জুন ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে কমিশন লাভ করেন। তারপর থেকে দীর্ঘ কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। শুধু প্রশাসনিক দক্ষতাই নয়, যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা।
মিগ-২১, মিগ-২৩, মিগ-২৭, জাগুয়ার এবং সুখোই-৩০ এমকেআই-এর মতো যুদ্ধবিমানের বিভিন্ন সংস্করণ ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। কর্মজীবনে একটি ফ্রন্টলাইন ফাইটার স্কোয়াড্রনের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি ট্যাকটিকস অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট বা TACDE-এর দায়িত্বও সামলেছেন। বেরিলি এয়ার ফোর্স স্টেশনের এয়ার অফিসার কমান্ডিং হিসেবেও কাজ করেছেন তিনি।
ব্রিটেনে অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং বাংলাদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তিনি। ভারতীয় বায়ুসেনার ডিরেক্টরেট অফ এয়ার স্টাফ ইন্সপেকশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ায় ভারতীয় দূতাবাসে ডিফেন্স অ্যাটাশে এবং ইস্টার্ন এয়ার কমান্ডের সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসেবেও কাজ করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে তাঁর তিনটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। দীর্ঘ কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে পেয়েছেন বায়ুসেনা পদক বা VM। ২০১৮ সালে তাঁকে প্রদান করা হয় অতি বিশিষ্ট সেবা পদক বা AVSM।
সব মিলিয়ে, যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা, সামরিক কৌশল সম্পর্কে গভীর জ্ঞান এবং প্রশাসনিক দক্ষতা, তিনেরই মেলবন্ধন রয়েছে এয়ার মার্শাল ইন্দরপাল সিং ওয়ালিয়ার কেরিয়ারে। এবার তাঁর কাঁধেই উঠতে চলেছে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ১ নভেম্বর থেকে উপপ্রধান হিসেবে নতুন ইনিংস শুরু করবেন তিনি।