রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে নিয়ন্ত্রণে কি এবার নতুন আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার? নিকটাত্মীয়দের মধ্যে বিবাহের ফলে ভবিষ্যৎ প্রজন্মের জিনগত রোগের ঝুঁকি বাড়তে পারে, এই আশঙ্কা থেকেই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্টের। এই ধরনের বিয়ে বন্ধ বা নিয়ন্ত্রণ করতে উপযুক্ত আইন আনার প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি স্কুল-কলেজে সচেতনতা বৃদ্ধি এবং বিবাহপূর্ব জিনগত পরামর্শ চালুর বিষয়টিও বিবেচনার কথা বলেছে আদালত। তবে এখনই কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
এই মামলার সূত্রপাত বেঙ্গালুরুর আইনপড়ুয়া চার্বি এস-এর দায়ের করা জনস্বার্থ মামলা থেকে। মামলাকারীর দাবি, তাঁর বাবা-মা ছিলেন পরস্পরের তুতো ভাইবোন। তাঁদের বিবাহের ফলে জন্মগতভাবে তিনি ৪০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধকতার শিকার। নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের সম্ভাব্য জিনগত ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, শুধুমাত্র প্রথা বা সামাজিক রীতিনীতির কারণে এমন বিবাহকে ছাড় দেওয়া উচিত নয়, যার প্রভাব পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যের উপর পড়তে পারে।
আবেদনে হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর কয়েকটি বিধান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে আইনের ৫ নম্বর ধারার ৪ ও ৫ উপধারায় নির্দিষ্ট আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে কিছু শর্তসাপেক্ষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। মামলাকারীর দাবি, সেই বিধানগুলির পুনর্বিবেচনা করা প্রয়োজন।
চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যায়, ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হলে সন্তানের শরীরে একই ধরনের জিনের উপস্থিতি বা হোমোজাইগোসিটির সম্ভাবনা বেড়ে যায়। এর ফলে কিছু বংশগত রোগ প্রকাশ পাওয়ার ঝুঁকি বাড়তে পারে। জন্মগত শারীরিক ত্রুটি, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির সমস্যা এবং স্নায়বিক বিকাশজনিত জটিলতার আশঙ্কাও রয়েছে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-৫-এর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১১ শতাংশ বিয়ে রক্তের সম্পর্কের মধ্যে হয়। দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে এই প্রবণতা তুলনামূলকভাবে বেশি। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে এই হার প্রায় ২৩ থেকে ২৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
মামলাটির শুনানি করেছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছে, এ ধরনের সামাজিক সংস্কারমূলক আইন তৈরি করা সংসদ বা আইনসভার এক্তিয়ার। সুপ্রিম কোর্ট নিজে থেকে কেন্দ্রকে আইন প্রণয়নের নির্দেশ দিতে পারে না। বিয়ে ব্যক্তিগত পছন্দের বিষয় হওয়ায় প্রাপ্তবয়স্কদের সিদ্ধান্তের স্বাধীনতাকেও গুরুত্ব দিতে হবে।
তবে সচেতন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে আদালত। স্কুল-কলেজের পাঠ্যক্রমে জিনগত ঝুঁকি সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করা এবং বিবাহপূর্ব জিনগত কাউন্সেলিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
এখন কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কী অবস্থান নেয়, সেদিকেই নজর। তবে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপে ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক প্রথা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য—তিনটি বিষয়কে ঘিরে নতুন করে জাতীয় স্তরে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
