ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে গত ১২ই সেপ্টেম্বর শপথ গ্রহণ করেছেন সিপি রাধাকৃষ্ণণ। আর এরপরই গত রবিবার তথা ২৮শে সেপ্টেম্বর নয়া উপরাষ্ট্রপতির সঙ্গে তার বাসভবনে দেখা করতে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বেশ কিছুক্ষণ বার্তালাপ করেন তারা। এরপর রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাতের পর এক্স হ্যান্ডলে কয়েকটি ছবি পোস্ট করে মোদী লেখেন, অনেক বিষয়েই তার সঙ্গে উপরাষ্ট্রপতির গভীর আলোচনা হয়েছে। তবে, সেই বিষয়গুলি কি কি, তা জানা যায়নি!
https://x.com/narendramodi/status/1972317054905852022
উল্লেখ্য, রাধাকৃষ্ণণ-এর আগে উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনখড়। তার ২০২৭ সালে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দিন শেষ হওয়ার আগেই ধনখড় আচমকা ইস্তফা দিয়ে দেন। যদিও কারণ হিসেবে জগদীপ জানিয়েছিলেন, তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। এরপরই শুরু হয় উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। সেখানে NDA প্রার্থী ছিলেন রাধাকৃষ্ণণ আর তার বিরোধী জোটের প্রার্থী ছিলেন বি সুদর্শন রেড্ডি। তবে, সেই নির্বাচনে ১৫২ ভোটে বিরোধীকে হারিয়ে উপরাষ্ট্রপতির দায়িত্ব নিজের হাতে তুলে নেন রাধাকৃষ্ণণ।
বলা বাহুল্য, গত ৯ই সেপ্টেম্বর হওয়া উপরাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী রাধাকৃষ্ণণ ৪৫২ ভোট এবং সুদর্শন রেড্ডি ৩০০ ভোট পেয়েছেন। এর ফলে ১৫২ ভোটে জয়ী হয়েছেন রাধাকৃষ্ণণ। যদিও রাষ্ট্রপতি হওয়ার আগে রাধাকৃষ্ণণ মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন। তবে, তার রাজনৈতিক কেরিয়ার শুরু ১৯৭৪ সালে জনসংঘের রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে। তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তামিলনাড়ু বিজেপি-র সভাপতি ছিলেন। এরপর ২০২৪ সালের ৩১শে জুলাই মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে শপথ নেন রাধাকৃষ্ণণ। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪-এর জুলাই পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন বর্তমানের উপরাষ্ট্রপতি।
