নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় নাম! পুরনো অভিযোগে ফের আইনি চাপে সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধীকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। তবে এবার বিতর্কের কেন্দ্রে রয়েছে ভারতের ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্তির সময়কাল। অভিযোগ, ১৯৮০ সালেই ভোটার তালিকায় নাম ছিল সোনিয়া গান্ধীর। অথচ তিনি ভারতীয় নাগরিকত্ব পান ১৯৮৩ সালে। অর্থাৎ, নাগরিকত্ব পাওয়ার প্রায় তিন বছর আগেই কীভাবে তাঁর নাম ভোটার তালিকায় উঠল, সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে।
এই বিষয়টি নিয়ে অতীতে সরব হয়েছিলেন বিজেপি নেতা অমিত মালব্য। সেই সময় তিনি বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান ছিলেন।

সমাজমাধ্যমে ১৯৮০ সালের ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর ছবি পোস্ট করে মালব্য দাবি করেছিলেন, ক্ষমতার অপব্যবহার করে ভোটার তালিকায় তাঁর নাম তোলা হয়েছিল। তাঁর বক্তব্য ছিল, ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে হলেও সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিকত্ব পান ১৯৮৩ সালে। তাহলে তার আগেই ১৯৮০ সালের ভোটার তালিকায় তাঁর নাম এল কীভাবে? এই প্রশ্ন তুলে গোটা বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছিলেন তিনি।

রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বিষয়টি পৌঁছে যায় আদালতেও। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আইনজীবী পবন নারাং। তিনি রাউস অ্যাভিনিউ আদালতের সেন্ট্রাল দিল্লি কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিকাশ ত্রিপাঠীর আইনজীবী হিসেবে এই অভিযোগ সামনে আনেন। অভিযোগ ছিল জালিয়াতির। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও জানানো হয়। কিন্তু প্রথম পর্যায়ে এই মামলায় অভিযোগকারীর আবেদন খারিজ হয়ে যায়।

২০২৫ সালের ১০ সেপ্টেম্বর প্রমাণের অভাবে তদন্তের আবেদন খারিজ করেছিলেন রাউস অ্যাভিনিউ আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া। অনেকেই মনে করেছিলেন, আপাতত এই বিতর্কের এখানেই ইতি। কিন্তু আইনি লড়াই শেষ হয়নি। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মামলায় আসে নতুন মোড়। বিশেষ বিচারক বিশাল গোগনে আগের খারিজের নির্দেশ বাতিল করে দেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, এফআইআর সংক্রান্ত আবেদন খারিজ করার আগে ম্যাজিস্ট্রেটের উচিত ছিল পুলিশের কাছ থেকে রিপোর্ট চাওয়া এবং তদন্তকারী আধিকারিকের বক্তব্য শোনা।

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বিনোদ যোশী এবার দিল্লি পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন। তাহলে কি ১৯৮০ সালের সেই ভোটার তালিকাই এবার সোনিয়া গান্ধীর জন্য নতুন আইনি অস্বস্তির কারণ হয়ে উঠতে চলেছে? নাকি পুলিশের রিপোর্টে এই বিতর্কের নতুন কোনও দিক সামনে আসবে? এখন নজর দিল্লি পুলিশের রিপোর্ট এবং আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। রাজনীতির এই পুরনো বিতর্কে এবার কোন দিকে মোড় নেয় আইনি লড়াই, তার উত্তর দেবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *