সদ্য বাংলা থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার বাংলা সফরে আসছেন খোদ ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৮ তারিখ রাজ্যে পা রাখতে চলেছেন তিনি। তবে, তার এই সফর নির্বাচনের উদ্দেশ্যে নয়, বরং GST সংক্রান্ত কিছু বার্তা দিতেই তিনি বাংলায় আসছেন। আসলে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া NDA-র এক বৈঠকে নরেন্দ্র মোদী সমস্ত সাংসদদের নির্দেশ দিয়েছেন, নয়া GST লাগু হওয়ার পর আমজনতার কি সুবিধা হতে চলেছে, তা সবিস্তারে নিজের এলাকায় প্রচার করতে। আর নমো-র সেই নির্দেশ মেনেই প্রতিটি রাজ্যে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বার্তা পৌঁছে দেওয়ার জন্য ভারতের সকল রাজ্যে পাড়ি দেবেন স্বয়ং অর্থমন্ত্রী।
জানা গিয়েছে, তার এই সফর শুরুর প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গ। আসলে বিহার ও বাংলার দিকে সর্বদাই একটু বেশি নজর দিয়ে থাকে বিজেপি। তাছাড়া, সেপ্টেম্বরের শেষ থেকেই বাংলায় পুজোর মরশুম শুরু হবে। আর তারপরই নিজেদের নানা কর্মসূচি শুরু করবে গেরুয়া শিবির। কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন! তবে, তার আগে GST নিয়ে এত বড়ো বদল সাধারণ মানুষকে কিছুটা হলেও তাদের প্রতি আকৃষ্ট করেছে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, নয়া GST লাগু হলে নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম কমবে। তাছাড়া, GST স্ল্যাবেরও পরিবর্তন ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সাথে বেশ কিছু ক্ষেত্রে GST সরিয়েও নিয়েছে কেন্দ্র। আবার লাক্সারি পণ্য তে লাগু হয়েছে মোটা অঙ্কের ট্যাক্স। আর এই সবটা নিয়েই আলোচনা করতে প্রত্যেক রাজ্যে যাবেন অর্থমন্ত্রী।
এদিকে বিশেষজ্ঞদের দাবি, ভোটের আগে বাংলায় কেন্দ্রের নেতাদের একটু বেশীই আনাগোনা বাড়তে পারে। এমনকি শোনা যাচ্ছে, অর্থমন্ত্রী ঘুরে যাওয়ার পরই নাকি সরকারি কর্মসূচির জন্য কলকাতা সফরে আসতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাছাড়া, খুব শীঘ্রই দুর্গাপুজো উদ্বোধন করতে বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি, বঙ্গ বিজেপির পক্ষ থেকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও যাতে বাংলায় একবার পা রাখেন, সে জন্যও তাকে অনুরোধ করা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে, এ সব কিছু গেরুয়া শিবির ভোট পাওয়ার আশায় করছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তো সময় হলেই বোঝা যাবে।
