সরকারি দপ্তরে দীর্ঘদিনের ‘গয়ংগচ্ছ’ মনোভাব আর লাল ফিতের ফাঁস কাটাতে এবার চরম কড়া অবস্থান নিল নবান্ন! দিনের পর দিন সাধারণ মানুষের জরুরি ফাইল আটকে রাখা বা কাজে অযথা ঢিলেমি দেওয়া আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কাজের বরাত পাওয়ার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা শেষ করতেই হবে, অন্যথায় সরাসরি শোকজের মুখে পড়তে হবে সংশ্লিষ্ট সরকারি কর্মী ও আধিকারিকদের। প্রশাসনিক কাজে গতি আনতে বৃহস্পতিবার নবান্নের তরফে একটি কড়া বিজ্ঞপ্তি জারি করে এই নতুন নিয়মের কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল নির্দেশ দিয়েছেন, অবিলম্বে রাজ্যের প্রতিটি দপ্তরে এই নয়া নিয়ম কার্যকর করতে হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩’ মেনে সরকারি কর্মীদের সতর্ক করেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নয়া নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে— কোনো কর্মী বা আধিকারিক নির্দিষ্ট সময়ের মধ্যে বরাদ্দ কাজ শেষ করতে ব্যর্থ হলে কোনো অজুহাত গ্রাহ্য করা হবে না। সেই দায়িত্বপ্রাপ্ত কর্মীকে সরাসরি শোকজ করার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে। শুধু তাই নয়, শোকজের চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে হবে ওই কর্মী বা আধিকারিককে। জবাব পাওয়ার পর তা খতিয়ে দেখে পরবর্তী শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার।
প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও গতি বজায় রাখতে প্রতি মাসের ১০ তারিখকে চূড়ান্ত ডেডলাইন হিসেবে বেঁধে দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি মাসের ১০ তারিখে প্রতিটি দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে বিশেষ পর্যালোচনা করা হবে। সেই পর্যালোচনায় যদি দেখা যায় যে কোনো কর্মী বা আধিকারিক নির্ধারিত ডেডলাইন মিস করেছেন, তবে তৎক্ষণাৎ সরকারি সার্ভিস রুল অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়ে আসছেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি দপ্তরের কাজ শেষ করতে হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, সরকারি স্তরে কাজে ঢিলেমি দিলে রাজ্যের সার্বিক উন্নয়নমূলক প্রকল্পগুলি আটকে যায়, যা কোনোভাবেই কাম্য নয়। মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তাকেই এবার প্রশাসনিক আইনের রূপ দিয়ে বিজ্ঞপ্তি আকারে জারি করল নবান্ন।
ওয়াকিবহাল মহলের মতে, নবান্নের এই নয়া ফরমানের ফলে সরকারি কর্মীদের ওপর কাজের দায়বদ্ধতা ও চাপ যেমন বাড়ল, তেমনই সাধারণ মানুষও নির্দিষ্ট সময়ে সরকারি পরিষেবা পাবেন। ফাইল আটকে রাখার পুরনো সংস্কৃতি ভেঙে দিয়ে বদলের বাংলায় প্রশাসনিক গতি ফেরাতে শুভেন্দু সরকারের এই ‘কড়া দাওয়াই’ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য!
