ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, বিজেপি এখন তরুণদের রাজনৈতিক প্রচারে ‘Gen Z’-এর বদলে ‘Yuva’ শব্দটিকে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছে। দলের অভ্যন্তরীণ আলোচনায় যে যুক্তিটি উঠে এসেছে, তা হল তরুণদের সবাইকে একটি নির্দিষ্ট প্রজন্মের পরিচয়ের মধ্যে আটকে দেখা যায় না। কারও বয়স কম, কেউ কলেজে পড়ছেন, কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কেউ ইতিমধ্যেই পেশাজীবী, আবার কেউ উদ্যোক্তা। শহর ও গ্রামের তরুণদের সমস্যাও এক নয়। ফলে ‘Gen Z’ যেখানে একটি নির্দিষ্ট প্রজন্মকে বোঝায়, ‘Yuva’ সেখানে তুলনামূলকভাবে বড় একটি ছাতার মতো শব্দ।
এই পরিবর্তনের সময়টাও কিন্তু গুরুত্বপূর্ণ।সাম্প্রতিক সময়ে ছাত্র ও যুব-ইস্যু নিয়ে রাজনৈতিক পরিসরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে NEET-UG নিয়ে ছাত্রদের বিক্ষোভের পর তরুণদের সঙ্গে রাজনৈতিক দলগুলির যোগাযোগের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগস্টে বিজেপির যুব-আউটরিচ নিয়ে একটি ব্রেনস্টর্মিং বৈঠকেও ‘Gen Z’ শব্দ ব্যবহারের বদলে ‘youth’ এবং ‘students’-এর মতো সাধারণ শব্দ ব্যবহার করা হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দলের সূত্রের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন অঞ্চল, সামাজিক পটভূমি এবং শিক্ষাগত অবস্থানের তরুণদের সমস্যা ও প্রত্যাশা আলাদা। তাই একটি নির্দিষ্ট জেনারেশনকে টার্গেট করার বদলে বিস্তৃত ‘Yuva’ পরিচয়ের মাধ্যমে যোগাযোগের পরিকল্পনা করা হচ্ছে।
‘Gen Z’ শব্দটি সরিয়ে ‘Yuva’ করা হচ্ছে মানেই কিন্তু যুবদের গুরুত্ব কমে যাচ্ছে এমনটা নয়। বরং বিজেপির সাম্প্রতিক কর্মসূচিগুলো দেখলে উল্টো ছবিই দেখা যায়। আগস্টে দলের নতুন জাতীয় টিমের সঙ্গে বৈঠকে ‘Yuva Samvad’, অর্থাৎ তরুণদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এমনকি ১৪ বছর বা তার বেশি বয়সি তরুণদের কাছে পৌঁছনোর জন্য বিশেষ টিম গঠনের পরিকল্পনার কথাও সামনে আসে। বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন স্তরে সরাসরি যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
আর এই পুরো কৌশলের একটা বড় অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া। Instagram Reels, ছোট ভিডিও, মিম, পপ-কালচার তরুণদের ব্যবহৃত ডিজিটাল ভাষায় পৌঁছনোর চেষ্টা বিজেপির প্রচারে ইতিমধ্যেই দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া যোগাযোগেও ছোট ভিডিও এবং তুলনামূলক অনানুষ্ঠানিক ফরম্যাটের ব্যবহার বেড়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগেও বিজেপির যুব-আউটরিচে ‘Gen Z’ শব্দটি যথেষ্ট দৃশ্যমান ছিল। এমনকি আগস্টের দলীয় কর্মসূচিগুলোতেও Gen Z-কেন্দ্রিক outreach-এর কথা প্রকাশ্যে এসেছে। কিন্তু এখন দলীয় আলোচনায় ‘Yuva’ শব্দটি সামনে আসছে। অনেকেই বলছেন, শব্দ বদলালেও লক্ষ্য বদলায়নি বিজেপির। বরং ‘Gen Z’-এর মতো একটি নির্দিষ্ট প্রজন্মের নামের বদলে ‘Yuva’কে umbrella term হিসেবে ব্যবহার করে আরও বেশি তরুণকে একই যোগাযোগের পরিসরে আনার চেষ্টা করা হচ্ছে।
