থানায় বসে জাল হলফনামা তৈরির নগ্ন খেলা ফাঁস! দিল্লির মঞ্চে প্রমাণ-সহ বিজেপি এবং চাটন ঋত শিবিরের চক্রান্তের মুখোশ টেনে ছিঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

দিল্লির কনস্টিটউশন ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি এবং গদ্দারদের আঁতাতের এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর প্রমাণ তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে বিরোধী শিবির যে ভুয়ো ও জাল হলফনামা তৈরির মতো বেআইনি চক্রান্তে নেমেছে, একাধিক ভিডিও প্রমাণ সামনে এনে তার পর্দাফাঁস করেছেন তিনি। ডায়মন্ডহারবারের সাংসদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী দিনে এই গোপন সমঝোতা ও ষড়যন্ত্রের আরও তথ্য প্রকাশ্যে আনা হবে, যাতে জনগণের সামনে গেরুয়া শিবিরের আসল চেহারা সম্পূর্ণভাবে ধরা পড়ে।

সাংবাদিক সম্মেলনে অভিষেক দাবি করেছেন যে, থানার ভেতরেই জাল হলফনামা তৈরি করানো হয়েছে এবং সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে থানার ইন্সপেক্টরদের দিয়ে এই অবৈধ কাজ করানো হয়েছে। এ সংক্রান্ত ছ-সাতটি ভিডিও ক্লিপ দেখিয়ে তিনি জানান, পুলিশের একাংশের কর্মীরাই নিজেরা চিঠি দিয়ে জানিয়েছেন যে তাঁদের চোখের সামনেই থানার ভেতরে বসে এই জালিয়াতির কাজ চলেছে। প্রকাশিত ভিডিও ক্লিপে পূর্ব বর্ধমানের কালনা থানায় বিভিন্ন পদে থাকা পুলিশ কর্মীদের জাল হলফনামা তৈরির দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে, যেখানে ওই পুলিশ কর্মীদেরই বলতে শোনা গেছে যে যিনি নোটারি করেছেন তিনিও জাল এবং ১৫ অক্টোবরের হলফনামায় জাল সই ও স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। আরেকটি ভিডিওতে হলফনামা তৈরিতে ব্যস্ত পুলিশ কর্মীদের বলতে শোনা গেছে, বড়বাবু নির্দেশ দিয়েছেন যাদের নামে সই করা হচ্ছে, জিজ্ঞাসা করলেই তারা যেন বলে যে নিজেরাই সই করেছে।

এই জালিয়াতির পেছনের রাজনৈতিক ছক নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, মে মাসের ৪ তারিখের পর এমন কী ঘটল যে হঠাৎ করে ৪০ জন বিধায়ককে ভয় দেখিয়ে, ধমকে-চমকে জোর জবরদস্তি সই করানো হল যে শোভনদেব চট্টোপাধ্যায়কে নয়, বরং অন্য একজনকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে চাওয়া হচ্ছে! তিনি কটাক্ষ করে বলেন, শুক্রবার হাইকোর্টে থাপ্পড় খেয়েছে বিরোধী পক্ষ, আর দেশে এমন অনেক বিচারপতি আছেন যাঁরা চাপের কাছে নতি স্বীকার করেননি। তৃণমূল সাংসদের দাবি, গদ্দাররা নাকি দশ লক্ষ হলফনামা জমা দেওয়ার কথা বলছে, অথচ ২১ জুলাইয়ে তাদের সভায় ৫০০ লোকও হয় না, চেয়ার ফাঁকা পড়ে থাকে; জাল হলফনামা জমা দিয়েছে বলেই নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী তারা হলফনামার কপি দেয়নি।

ভিডিও ফুটেজ প্রকাশের পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, থানার ভেতরে বসে ভুয়ো হলফনামা তৈরির এই অবৈধ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের নামেই জালিয়াতির মামলা দায়ের করা হবে এবং ন্যায়বিচারের দাবিতে প্রয়োজন হলে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। একদিকে জাল হলফনামা ও জাল নোটারির অভিযোগ, অন্যদিকে বিধায়কদের ওপর চাপ সৃষ্টির দাবি—সব মিলিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে যে গণতন্ত্র ও আইনের শাসনকে হাস্যকর বানানোর এই অপচেষ্টার বিরুদ্ধে তাঁরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *