‘আমাদের রাজ্য ছুটি-ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল! শীত ঘুমে চলে গিয়েছিল!’ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এভাবেই তীব্র আক্রমণ শানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কর্মীদের ডিএ এবং পে কমিশন নিয়ে বিগত সরকারের ভূমিকার সমালোচনা করে তাঁর অভিযোগ, কর্মীদের প্রাপ্য সুযোগ-সুবিধা না দিয়ে বেশি ছুটি দেওয়ার নীতি নিয়েছিল আগের সরকার। শুক্রবার নবান্ন সভাঘরে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
এদিন বক্তব্যের শুরুতেই নিজের সরকারের গত ছয় মাসের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর সরকার জাতীয় সুরক্ষা এবং গ্রামীণ উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তাঁর দাবি, রাজ্যের উন্নয়ন এবং প্রশাসনিক কাজে গতি আনতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সেই প্রসঙ্গেই বিগত সরকারের কাজের ধরন নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
বিশেষ করে সরকারি কর্মীদের ছুটি এবং বেতন সংক্রান্ত বিষয়কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, আগের সরকার মনে করত, সরকারি কর্মীদের ডিএ না দিয়ে বেশি ছুটি দিলেই কাজের চাপ কমানো যাবে। এই প্রসঙ্গে তিনি বলেন, ডিএ দেওয়া হত না, পে কমিশনের আওতায় আনা হত না, বরং ছুটির ব্যবস্থা করেই দায়িত্ব শেষ বলে মনে করা হত। তাঁর অভিযোগ, এই ধরনের নীতির কারণে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম কার্যত থমকে গিয়েছিল।
মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্য যেন দীর্ঘদিন ধরে এক ধরনের শীতঘুমে চলে গিয়েছিল। সরকারি দপ্তর থেকে শুরু করে উন্নয়নমূলক কাজ—সব ক্ষেত্রেই আরও সক্রিয়তা প্রয়োজন বলে মনে করেন তিনি। বর্তমান সরকার সেই পরিস্থিতি বদলাতে চায় বলেও এদিনের বক্তব্যে স্পষ্ট করেছেন শুভেন্দু।
প্রসঙ্গত, শুক্রবারের অনুষ্ঠানটি ছিল পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদানকে কেন্দ্র করে। এই প্রকল্পে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠানোর পাশাপাশি গ্রামীণ উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে জাতীয় সুরক্ষার পাশাপাশি গ্রামীণ পরিকাঠামো ও সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা উঠে আসে।
এদিকে, সরকারি কর্মীদের ডিএ এবং পে কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যে রাজনৈতিক বিতর্ক রয়েছে। অতীতে এই বিষয়গুলি নিয়ে বিরোধীদের পাশাপাশি সরকারি কর্মীদের একাংশও বারবার সরব হয়েছেন। এবার মুখ্যমন্ত্রীর আসন থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সরাসরি প্রাক্তন সরকারের নীতিকে নিশানা করায় সেই বিতর্ক নতুন মাত্রা পেল।
তবে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি বর্তমান সরকারের কাজের গতি এবং প্রশাসনিক পরিবর্তনের দাবিও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে সরকারি দপ্তরগুলির কাজকর্ম এবং গ্রামীণ উন্নয়নে তাঁর সরকার কতটা পরিবর্তন আনতে পারে, এখন সেদিকেই নজর থাকবে।