পশ্চিমবঙ্গে এবার রাস্তাঘাট নোংরা করা নিয়ে কড়া অবস্থান নিতে চলেছে সরকার। রাস্তায় থুতু ফেলা, প্লাস্টিক বা চিপসের প্যাকেট ছড়িয়ে দেওয়া, কিংবা যত্রতত্র আবর্জনা ফেললেই এবার দিতে হতে পারে জরিমানা।
স্বচ্ছ বাংলা গড়ার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার আনছে নতুন ‘স্বচ্ছ অ্যাপ’। আগামী ৩০ মে শনিবার কলকাতার ওয়েস্টিন হোটেলে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টরের।
সরকারি সূত্রে খবর, উদ্বোধনের পর থেকেই পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু করবে এই অ্যাপ।
তবে এখনই সাধারণ মানুষের উপর জরিমানার খাঁড়া নামছে না। আগামী তিন মাস শুধুমাত্র সচেতনতা বাড়ানোর কাজ করবে প্রশাসন। মানুষকে বোঝানো হবে, কেন রাস্তায় নোংরা ফেলা বন্ধ করা জরুরি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন,
আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। অর্থাৎ, সেই সময়ের পর কেউ যদি প্রকাশ্যে থুতু ফেলেন বা রাস্তা নোংরা করেন, তাহলে পুলিশ সরাসরি ফাইন করতে পারবে। সরকারের বক্তব্য, শহরকে পরিষ্কার রাখতে শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে।
অনেক সময় দেখা যায়, রাস্তার পাশেই ডাস্টবিন থাকা সত্ত্বেও মানুষ প্লাস্টিক, বোতল কিংবা খাবারের প্যাকেট ফেলে দিচ্ছেন রাস্তাতেই। ফলে একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হয়, অন্যদিকে বাড়ে দূষণ এবং সংক্রমণের ঝুঁকিও। এই কারণেই এবার প্রযুক্তির সাহায্যে নজরদারি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রাজ্যের ১০টি পুরসভায় পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই অ্যাপ। যেসব পুরসভায় বর্তমানে পুর প্রশাসক রয়েছেন, সেখানেও থাকবে এই পরিষেবা। এখানেই শেষ নয়।
শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে বড়সড় পরিকল্পনাও নেওয়া হয়েছে সরকারের তরফে।
মন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি ১০০ মিটার অন্তর বসানো হবে ডাস্টবিন। অর্থাৎ, মানুষের সামনে অজুহাত থাকবে না যে ডাস্টবিন খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা।
একাংশ বলছেন, এই উদ্যোগ সত্যিই কার্যকর হলে শহরের চেহারা বদলে যেতে পারে।
অনেকেই মনে করছেন, বিদেশের মতো পরিচ্ছন্ন শহর গড়তে গেলে এমন কঠোর নিয়ম প্রয়োজন। আবার অন্য একাংশের প্রশ্ন,
শুধু জরিমানা করলেই কি বদলাবে মানুষের মানসিকতা? নাকি প্রয়োজন আরও বেশি সচেতনতা এবং দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তনের?
তবে প্রশাসনের বক্তব্য স্পষ্ট, প্রথমে সচেতনতা, তারপর কঠোরতা। তিন মাস সময় দেওয়া হচ্ছে মানুষকে নিজেদের অভ্যাস বদলানোর জন্য। তারপর আর কোনও রকম ছাড় নয়। এখন দেখার, ১ সেপ্টেম্বরের পর সত্যিই কি বদলাবে বাংলার রাস্তার ছবি? নাকি নিয়ম কাগজেই সীমাবদ্ধ থেকে যাবে? রাস্তায় থুতু ফেলা বা ময়লা ছড়ানো নিয়ে সরকারের এই কড়া সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন?
কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত। ভিডিয়োটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।