অবশেষে SIR প্রক্রিয়ার সকল বিচার পদ্ধতি শেষ হয়েছে। চূড়ান্ত তালিকার আগেই বাদ যাওয়া ৬৩লক্ষ নামের পর এবার বিচারাধীন তালিকা থেকে বাদ গেল আরও ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আর এরপরই প্রশ্ন উঠছে, যাদের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে, তাদের ঠাঁই কোথায় হবে? তবে, এবার সে প্রশ্নের উত্তর উঠে এল সামনে। সম্প্রতি নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, যে ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তারা অনলাইন ও অফলাইন দু’ভাবেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আর তারপর সকল নথি যাচাইয়ের পর ভোটার তালিকায় তাদের নাম উঠে যাবে।
কিন্তু যাদের নাম এই ট্রাইব্যুনাল থেকেও বাদ যাবে, তারা কি করবেন?west
এ বিষয়ে কমিশনের সিইও মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, যাদের নাম ট্রাইব্যুনাল থেকে বাদ যাবে, তারা আদালতে গিয়ে আবেদন জানাতে পারেন। তাদের মামলার নিষ্পত্তি আদালত-ই করবে। নয়তো তাদের নির্দেশ মতোই নেওয়া হবে ব্যবস্থা। যদিও তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তাছাড়া, আর মাত্র কয়েক দিন বাকি ভোট। তাই আদালতে আপিল করার পর এই মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া বেশ কঠিন কাজ বলেই মনে করছেন অনেকে। ফলত, আসন্ন ভোটে ট্রাইব্যুনাল থেকে ডিলিটেড ভোটারদের ভোট দেওয়া খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল ফাইনাল ভোটার লিস্ট। সেখানে প্রায় ৬০ লক্ষ মানুষ ছিলেন অ্যাড-জুডিকেশন তালিকায়। এরপর তাদের নামের নিষ্পত্তি করতে শুরু করেন বিচারবিভাগীয় অফিসাররা। আর এবার সেখান থেকেও অনেকের নাম বাদ পড়ছে। তবে, সেই সব ডিলিটেড ভোটারদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। সেখানে যারা যারা আবেদন করছেন, তাঁদের নামের নিষ্পত্তি করা হচ্ছে। ফলে অনেকেরই নাম আবারও ভোটার লিস্টে এন্ট্রি হচ্ছে। আবার কারও কারও নাম ডিলিট-ও হয়ে যাচ্ছে। যাদের নাম ট্রাইব্যুনাল থেকে ডিলিটেড, সেই সব ভোটাররা এবার নিজেদের নামের নিষ্পত্তির জন্য কোর্টে আবেদন করতে পারবেন। সেখানে সকল কিছু সঠিক বিবেচিত হলে, তারপর আবারও তার নাম ভোটার তালিকায় নথিভুক্ত হবে।
এবার বলি, অফলাইন ও অনলাইনে কীভাবে আবেদন জানাবেন! অনলাইনে আবেদন জানাতে হলে প্রথমে কমিশনের ওয়েবসাইট তথা voter.eci.gov.in-এ গিয়ে ‘সাবমিট অ্যাপিল্স ফর ইন্ডিভিজ়ুয়াল্স’ নামের ট্যাবে ক্লিক করে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে বলে রাখি, কেবল বিবেচনাধীন তালিকায় নাম রয়েছে এমন ভোটাররা-ই এখানে আবেদন করতে পারবেন। এছাড়া, এই পদ্ধতিতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন হলে সে সংক্রান্ত আবেদনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। অন্যদিকে, অফলাইনে ট্রাইবুনালে নাম তোলা বা বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে হলে, জেলাশাসক কিংবা মহকুমাশাসকের দফতরে গিয়ে আবেদন করতে হবে। সেখানকার সংশ্লিষ্ট আধিকারিক ভোটারের ওই আবেদন অনলাইনে তুলে দেবেন। বলে রাখা ভালো, অফলাইনে আবেদনের জন্য পরিষ্কার সাদা কাগজে ভোটারদের নিজের বক্তব্য লিখে, সঙ্গে ভোটার কার্ডের এপিক নম্বর লিখতে হবে বলে জানিয়েছে কমিশন। আর এই সমস্ত আবেদনের নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট জেলাশাসক।
