পশ্চিমবঙ্গে প্রস্তাবিত যুবশক্তি কার্ড নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের কথা মাথায় রেখে এই প্রকল্পে মেয়েদের জন্য আলাদা কিছু সুবিধার ইঙ্গিত দেওয়া হয়েছে বলেই আলোচনা বাড়ছে। বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি মেয়েদের স্বনির্ভর করার দিকেও বিশেষ জোর দেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকেই। ফলে এই কার্ড শুধুমাত্র ভাতার প্রকল্প নয়, বরং মেয়েদের ভবিষ্যৎ গড়ার একটি হাতিয়ার হিসেবেও দেখা হচ্ছে।
সবচেয়ে বড় সুবিধা হতে পারে মাসিক আর্থিক সহায়তায় বিশেষ অগ্রাধিকার। সাধারণ বেকার ভাতার পাশাপাশি মেয়েদের জন্য অতিরিক্ত সহায়তা বা নির্দিষ্ট সংরক্ষিত সুবিধা রাখা হতে পারে বলে জল্পনা রয়েছে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায়, চাকরির প্রস্তুতি নিতে গিয়ে মেয়েদের আর্থিক সমস্যার মুখে পড়তে হয়। সেই পরিস্থিতিতে এই প্রকল্প তাদের কিছুটা হলেও ভরসা দিতে পারে।
শুধু ভাতা নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও মেয়েদের আলাদা গুরুত্ব দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, কম্পিউটার শিক্ষা, ডিজিটাল প্রশিক্ষণ কিংবা ছোট ব্যবসা শুরু করার জন্য বিশেষ প্রশিক্ষণের সুযোগ তৈরি হতে পারে। এতে গ্রামবাংলার বহু মেয়ে বাড়িতে বসেই রোজগারের পথ খুঁজে পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
এছাড়াও বিশ্লেষকরা বলছেন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মেয়েদের জন্য আলাদা ঋণ সুবিধা বা সহজ শর্তে আর্থিক সহায়তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেক মেয়ে পড়াশোনা শেষ করার পর চাকরি না পেয়ে ছোট ব্যবসা শুরু করতে চান। সেই সময়ে সরকারি সহায়তা বা কম সুদের ঋণ পেলে তাঁরা সহজেই নিজের পায়ে দাঁড়াতে পারবেন। ফলে যুবশক্তি কার্ড নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার বিষয়টিও এই প্রকল্পে বড় ফ্যাক্টর হতে পারে, বলছেন বিশ্লেষকরা।অনেক সময় কাজের জন্য দূরে যেতে হলে মেয়েদের নিরাপত্তা নিয়ে পরিবারে উদ্বেগ থাকে। তাই ভবিষ্যতে যদি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ভ্রমণ ভাতা, হোস্টেল সুবিধা বা নিরাপদ কর্মপরিবেশ তৈরির মতো বিষয় যোগ করা হয়, তাহলে তা মেয়েদের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাংলার নারী ভোটারদের কাছে পৌঁছতেই এই ধরনের বিশেষ সুবিধার ভাবনা সামনে আনা হচ্ছে। কারণ গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে মহিলা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই যুবশক্তি কার্ডে মেয়েদের জন্য বাড়তি সুবিধা রাখা হলে তা রাজনৈতিক দিক থেকেও বড় বার্তা হয়ে উঠতে পারে।
তবে একটা বিষয় স্পষ্ট, যুবশক্তি কার্ড নিয়ে মেয়েদের মধ্যে আশার পরিবেশ তৈরি হয়েছে। চাকরি, প্রশিক্ষণ ও আর্থিক নিরাপত্তা এই তিন দিককে সামনে রেখেই মেয়েদের জন্য আলাদা পরিকল্পনার দাবি আরও জোরালো হচ্ছে।